৭৩ গ্রাহকের ৯০ লাখ টাকা ফেরত দিলো কিউকম

২৬ জানুয়ারি, ২০২২ ১৩:০০  
বর্তমানে পেমেন্ট গেটওয়ে ফস্টারের কাছে কিউকমের আটকা পড়ে আছে ৩৯৭ কোটি টাকা। এর মধ্যে গ্রাহকদের অন্তত ১৬৬ কোটি টাকা রয়েছে, যার বিপরীতে পণ্য ডেলিভারি করেনি ই-কমার্স কোম্পানিটি। এতদিন ফস্টারের জব্দ অ্যাকাউন্টে এসব টাকা আটকে ছিল। আটকে থাকা সেই টাকা ছাড় করিয়ে ৬ হাজার ৭২১টি অর্ডারের বিপরীতে গ্রাহকদের মধ্যে ৫৯ কোটি ৫ লাখ ১০ হাজার ৩৪৭ টাকা বিতরণ শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। উদ্বোধনী দিনে সোমবার ২০ গ্রাহকের অর্ডারের বিপরীতে ৪০ লাখ ২ হাজার ৪২৩ টাকা ছাড় করা হয়েছিল। দ্বিতীয় দিন মঙ্গলবার ছাড় করা হয় ৫৩ গ্রাহকের টাকা। ইসলামী ব্যাংকের মাধ্যমে এ টাকা গ্রাহকের কাছে অনলাইনে পেমেন্টে দেয়া হচ্ছে। প্রসঙ্গত, অর্ডার নিয়েও পণ্য ডেলিভারি না দেয়ায় গত অক্টোবরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন এক গ্রাহক। সে মামলায় গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছেন প্রতিষ্ঠানটির সিইও রিপন মিয়া এবং প্রধান বিপণন ও জনসংযোগ কর্মকর্তা হুমায়ুন কবির ওরফে আরজে নিরব।