৩ সপ্তাহে ১০ গুণ বেড়েছে ই-কমার্স
লকডাউনে গত তিন সপ্তাহে ই-কমার্সের প্রসার ১০ গুণ বেড়েছে বলে জানিয়েছেন এটুআই'র পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী।
বুধবার বিকেলে “ঘরে বসেই পথ দেখানো সম্ভব”- এই স্লোগানে শুরু হওয়া গুগল ম্যাপ ও ওপেন স্ট্রিট ম্যাপ আপডেট করার চ্যালেঞ্জ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।
আনির চৌধুরী বলেন, সারাদেশে ই-কমার্সের জোয়ার বইছে। গত কয়েক বছরে দেখেছি, ই-কমার্স বাড়ছে। কিন্তু গত ৩ সপ্তাহে যতটুকু ই-কমার্স বেড়েছে, গত ৩ বছরে তার ১০ ভাগের এক ভাগও বাড়েনি। তার মানে ই-কমার্সে প্রসার ১০ গুণ বেড়েছে, গত কয়েক সপ্তাহ ধরে। আগে ইলেকট্রনিক্স অর্ডার করলেও এখন চালডাল অর্ডার করছি।
তিনি আরো বলেন, করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে গুগল ম্যাপ এবং ওপেন স্ট্রিট ম্যাপ ঢাকার বাইরে সমৃদ্ধ না থাকার ফলে ক্যাপাসিটি থাকা সত্বেও প্রত্যন্ত অঞ্চলে তারা ডেলিভারি করতে পারছেন না।
জরুরি কাজে নিয়োজিত নাগরিক, স্বাস্থ্যকর্মী এবং ই-কমার্স ডেলিভারি এজেন্টদের সহযোগিতা করার জন্য গুগল ম্যাপ দরাকার বলে অভিত ব্যক্ত করেন এই প্রযুক্তি বিশেষজ্ঞ।
আনির চৌধুরী বলেন, প্রায় ১০০টি ই-কমার্স এবং কুরিয়ার কোম্পানি এই ম্যাপ তৈরির কাজ করছে। কিন্তু এখানে যদি লক্ষ লক্ষ মানুষ এই ম্যাপটি তৈরি করে দেয় তাহলে দ্রুত এই ম্যাপটি তৈরি হবে। তাই আমি দেশের উদ্যমী তরুণদের আহ্বান জানাচ্ছি। তরুণরা তাদের বাড়িতে বসে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখেই এই ম্যাপিং কার্যক্রমে অংশ নিতে পারেন।