স্মার্টফোনে করোনা জীবাণু থাকে ৪ দিন!

৬ মার্চ, ২০২০ ১৬:৪১  
করোনা ভাইরাস থেকে মুক্ত নয় স্মার্টফোন ও ল্যাপটপের মতো ব্যক্তিগত ডিভাইসগুলো। তাই এসব ডিভাইস জীবাণুমুক্ত করার দিকেও নজর দিতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সঙ্গতকারণেই প্রশ্ন উঠেছে, ঠিক কতদিনই বা এই ভাইরাসটি ফোনের মধ্যে থাকতে পারে? এই প্রশ্নের উত্তরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জানিয়েছে, আমাদের মোবাইল ফোনে চার দিন বেঁচে থাকতে পারে এই ঘাতক করোনাভাইরাস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে সেখানে দেখান হয়েছে আমাদের মোবাইল ফোন যদি করোনার সংস্পর্শে আসে তাহলে এটি আমাদের মোবাইলে চারদিন পর্যন্ত থাকতে পারে তাই এই ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের মোবাইল ফোন সব সময় পরিষ্কার করে রাখতে হবে। ডব্লিউইএফ জানিয়েছে, ২০০৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, কাচের মধ্যে সার্স ভাইরাস ৯৬ ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। তারা জানিয়েছে সার্সও এক ধরনের করোনাভাইরাস। সংবাদ সংস্থা এএফপি একটি টুইট বার্তায় জানিয়েছে, ধাতু, প্লাস্টিক বা অন্য উপাদানে করোনাভাইরাস এক থেকে ৯ দিন পর্যন্ত বেঁচে থাকে।