সোয়া কোটি টাকা বিনিয়োগ পেয়েছে সিগমাইন্ড
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা দিয়ে আর-ভেঞ্চারসের দ্বিতীয় পর্বে সর্বোচ্চ সোয়া কোটি টাকার বিনিয়োগ পেয়েছে সিগমাইন্ড। এছাড়াও নানা উদ্ভাবনী সেবা দেয়ায় মোট ২ কোটি টাকার বেশি বিনিয়োগ পেয়েছে ১২টি দল।
আইসিটি বিভাগের অধীন স্টার্ট-আপ বাংলাদেশ উদ্যোক্তাদের ৭৩ লাখ টাকা পর্যন্ত গ্র্যান্ট প্রদান করেছে। ডিজিটাল উদ্যোক্তাদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় অর্থায়ন ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে এ প্রতিযোগিতাটির আয়োজন করে দেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা কোম্পানি রবি।
চূড়ান্ত পর্বে ২৪ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আর-ভেঞ্চার ২.০’র ইনভেস্টমেন্ট ডেতে উদ্যোক্তাদের হাতে এই বিনিয়োগের ডামি চেক তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক।
চেক প্রাপ্তদের মধ্যে সাবস্ক্রিপশনের মাধ্যমে নারীদের স্যানিটারি পণ্য সরবারহ করে ভেলবেট বক্স, ভেন্ডিং মেশিনের মাধ্যমে নগদ অর্থ ছাড়া ডিজটাল টি স্টল সেবা প্রদান করে ডিজিটং, ফ্রিল্যান্সার ও ক্লায়েন্টদের মধ্যে যোগাযোগ স্থাপনকারী একটি প্ল্যাটফর্ম হচ্ছে উপার্জন, আলো একটি মার্কেটিং প্ল্যাটফর্ম যারা বিজ্ঞাপন দেখানোর উদ্দেশে পাবলিক বাসে স্ক্রিন সরবরাহ করে এবং অনলাইনে অর্ডার নেয়ার মাধ্যমে জ্বালানি সরবরাহ করে ফুয়েলবি এই বিনিয়োগ পেয়েছে।
অন্যদিকে অনলাইন টিউটরিং প্ল্যাটফর্ম হচ্ছে এডুমেট, বাসায় তৈরী খাবার ভোক্তার কাছে পৌঁছে দেয় কুকঅ্যান্ডস, অন ডিমান্ড গৃহকর্মী বা গৃহস্থালী কাজের জন্য কর্মী সরবরাহের সেবা প্রদান করে হ্যালো টাস্ক, টেলিমেডিসিন সেবা প্রদান করে ডক্টর বন্ধু, খামার ব্যবস্থাপানার জন্য আইওটি ডিভাইস সরবরাহ করে খামারি এবং দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চশমা সরবরাহ করে আলো এই গ্রান্ড লাভ করে।
টিআইই ঢাকা’র প্রেসিডেন্ট রুবাবা দৌলা এবং ব্যাংক এশিয়া’র প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আরফান আলী, রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ, রবির চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার শিহাব আহমেদ, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।