সোশ্যাল মিডিয়ায় দেশের প্রথম বৈদ্যুতিক রেল

১২ মে, ২০২১ ১১:৩৫  
ঈদের শুভেচ্ছা বিনিময়ের আগেই সোশ্যাল ও অনলাইন মিডিয়ায় নতুন একটি খুশীর ভিডিও ছড়িয়ে পড়েছে। লকডাউনের ঈদের আবহে তা ঢাকাবাসীর মধ্যে যোগ করছে নতুন আশা। উদ্দীপনা। মন্ত্রী-এমপি থেকে শুরু করে নেটিজেনদের টাইমলাইনে শেয়ার হচ্ছে ভিডিওটি। ভিডিওটিতে দেখা যায়, রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটারের এমআরটি-৬ লাইনের ওপর দিয়ে চলছে জাপানের কাওয়াসাকি-মিতসুবিশির তৈরি বৈদ্যুতিক ট্রেন। স্টেইনলেস স্টিলের কোচগুলোর ভেতরে লম্বালম্বি দুই পাশে রয়েছে বসার আসন। প্রতিটি কোচে দুটি হুইল চেয়ার রাখারও জায়গা আছে। প্রতিটি কোচের দুপাশে অছে সুপরিসর চারটি দরজা। তবে স্টেশনে এলে একপাশেই খুলবে। ট্রেন থাকবে প্ল্যাটফর্মের সমতলে, ফলে সাধারণ ট্রেনের মত সিঁড়ির প্রয়োজন নেই। সূত্রমতে, রাস্তার মাঝ বরাবর উপর দিয়ে উত্তরা থেকে শুরু হয়ে মিরপুর-ফার্মগেইট হয়ে মতিঝিল পর্যন্ত যাবে এই মেট্রো রেল। সময় লাগবে ৪০ মিনিটের কম। ট্রেনগুলো চলবে ডিসি ১৫০০ ভোল্ট বিদ্যুতে। আর এর মাধ্যমে দেশে যাত্রা শুরু হবে বৈদ্যুতি রেলের।