সাইবার হামলায় বিশ্বজুড়ে মাংসের দাম বাড়ার শঙ্কা
মাইক্রোসফটের শঙ্কা প্রকাশের পরই সাইবার হামলার শিকার হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় মাংস প্রক্রিয়াজাতকরণ কোম্পানি জেবিএস। এতে জেবিএসের অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাষ্ট্রের কিছু কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজার-হাজার কর্মী।
সব মিলিয়ে এই হামলার কারণে বিশ্বজুড়ে মাংসের দাম বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এদিকে রাশিয়ার একটি সন্ত্রাসী গ্রুপ এই র্যানসামওয়্যার হামলা চালিয়েছে বলে দাবি করেছে হোয়াইট হাউজ।
এফবিআই থেকে বিষয়টি তদন্ত করা হচ্ছে জানিয়ে হোয়াইট হাউজের একজন মুখপাত্র মঙ্গলবার বলেঝেন, ‘জেবিএস জানিয়েছে (হোয়াইট হাউজকে) সম্ভবত রাশিয়া ভিত্তিক একটি সন্ত্রাসী সংগঠন তাদের কম্পিউটারে সাইবার হামলা করেছে।’
এজন্য হোয়াইট হাউজ রাশিয়ান সরকারের সঙ্গে এ বিষয়ে সরাসরি যোগাযোগ রাখছে বলেও জানিয়েছেন তিনি।
জেবিএস জানিয়েছে, ক্ষতিকর সফটওয়্যার র্যানসামওয়ারের মাধ্যমে প্রথমে একটি কম্পিউটারের নিয়ন্ত্রণ নেয় হ্যাকাররা। তারপর অর্থ দাবি করে জানানো হয়, নির্ধারিত সময়ে পরিশোধ না করলে ফাইলগুলো ডিলিট করে দেয়া হবে।
পৃথিবীর বেশ কিছু দেশের ১৫০টি কারখানায় মাংস সরবরাহ করে জেবিএস। ১৯৫৩ সালে ব্রাজিল থেকে শুরু হয় এই কার্যক্রম। বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির দেড় লাখের বেশি কর্মী রয়েছেন।