রাশিয়ায় ‘মেইনটেনেন্স মোডে’ নিনটেনডো

৭ মার্চ, ২০২২ ১০:৪২  
জাপানি বহুজাতিক গেমিং প্রতিষ্ঠান নিনটেনডো কো’র অনলাইন গেমগুলো খেলতে পারছেন না রাশিয়ান গেমাররা। ই-স্পোর্টসের মতো সেবা বন্ধ করে না দিলেও ‘রুবল’ পরিশোধ জটিলতায় কার্যত রাশিয়ায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে কিয়েটার তৈরি গেমগুলো অনলাইনে খেলার সুযোগ। এরইমধ্যে ই-শপ সেবা ‘মেইনটেনেন্স মোডে’ রাখার কথাটি রাশিয়ান ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে ঝুলিয়ে দিয়েছে নিনটেনডো। এতে বলা হয়েছে, “নিনটেনডো ই-শপে ‘রুবল’ পরিশোধ সেবা বন্ধ করার ফলে ই-শপ সাময়িকভাবে ‘মেইনটেনেন্স মোডে’ আছে।” তবে নিনটেনডো রাশিয়ায় কী ধরনের পরিশোধ সেবা ব্যবহার করে, তা স্পষ্ট নয়। এর আগে এক্সবক্সের হার্ডওয়্যার ও সফটওয়্যারসহ রাশিয়াতে নিজেদের নতুন কোন পণ্য বিক্রি না করার সিদ্ধান্ত জানিয়েছিলো মাইক্রোসফট। পাশাপাশি, রাশিয়া ও বেলারুশে গেমিং প্রতিষ্ঠান ‘ইলেকট্রনিক আর্টস’ এবং ‘সিডি প্রোজেক্ট রেড’ গেম বিক্রি বন্ধ করে দেয়। এরইমধ্যে রাশিয়ার প্লেস্টেশন স্টোরে গেমিং প্রতিষ্ঠান সনির তাদের‘জি টি ৭’ গেম বিক্রি বন্ধ করেছে বলে খবর দিয়েছে ভার্জ। তবে এ নিয়ে আনুষ্ঠানিক ভবে কোনো বিবৃতি দেয়নি সনি কর্তৃপক্ষ।