মস্তিষ্কের মতো মেমরি যন্ত্র উদ্ভাবন

২৮ ডিসেম্বর, ২০১৯ ১২:২২  
মস্তিষ্কের মতো মেমরি যন্ত্র উদ্ভাবন করলো জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ম্যাটেরিয়াল সায়েন্সের গবেষকদের দাবি, তারা অসংখ্য ধাতব ন্যানোয়ারের সমন্বয়ে গঠিত নিউরোমরফিক নেটওয়ার্ক তৈরিতে সফল হয়েছেন। ‘সায়েন্টিফিক রিপোর্টস’ সাময়িকীতে প্রকাশিত গবেষণা সংক্রান্ত নিবন্ধে গবেষকেরা জানিয়েছেন, এ নেটওয়ার্ক ব্যবহার করে মানুষের মস্তিষ্কের মতোই বৈদ্যুতিক বৈশিষ্ট্য তৈরি করতে সক্ষম হয়েছেন তারা। ফলে এটি মনে রাখা, শেখা, ভুলে যাওয়া, সতর্ক হয়ে ওঠা বা প্রশান্তি বজায় রাখার মতো বিষয়গুলো সম্পাদন করতে পারে। সূত্রমতে, এবার গবেষকেরা বর্তমান কম্পিউটারগুলোতে ব্যবহৃত মূলধারার চেয়ে পৃথক নীতি ব্যবহার করে মেমরি ডিভাইসটি নকশার পরিকল্পনা করেছেন। তারা আশা করছেন, তাদের এই গবেষণা মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণ প্রক্রিয়া বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। চিপ জায়ান্ট ইনটেলের তথ্য অনুযায়ী, নিউরো মরফিক কম্পিউটিং মানব মস্তিষ্কের নিউরাল স্ট্রাকচার এবং অপারেশন অনুকরণের সঙ্গে সম্পর্কিত।