ভার্চুয়াল শুনানিতে ৫ দিনে জামিন পেলেন ৬০৪৭ আসামি

২০ জুন, ২০২০ ১৯:৫৯  
ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সারা দেশের সব অধস্তন আদালত থেকে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে বিভিন্ন মামলায় আরও ৬ হাজার ৪৭ জন আসামির জামিন হয়েছে। আর গত ১১ মে থেকে সারাদেশে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরুর পর ১৮ জুন পর্যন্ত মোট ২৫ কার্যদিবসে ৭৩ হাজার ১১৬টি জামিন আবেদনের শুনানি হয়েছে। এর মধ্যে ৩৯ হাজার ২০২ আসামির জামিন দিয়েছেন ভার্চুয়াল আদালত। শনিবার সুপ্রিম কোর্টের মূখপাত্র ও হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তার দেয়া তথ্য অনুযায়ী, ২৫ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে ৫৩৬ শিশু জামিন পেয়েছে। এরই মধ্যে ৪৭১ শিশুকে তাদের অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। সাইফুর রাহমান আরো জানান, গত সপ্তাহে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ১২ হাজার ৬৯৭ টি জামিন আবেদন নিষ্পত্তি করে ৬ হাজার ৪৭ জন আসামির জামিন হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগে জামিন হয়েছে ১ হাজার ৩৫৩ আসামির। আর দ্বিতীয় সর্বোচ্চ ময়মনসিংহ বিভাগে ১ হাজার ১৯০ আসামির জামিন হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৯৩৮ আসামির, রংপুর বিভাগে ৩৫৪, বরিশাল বিভাগে ১৯৫, রাজশাহী বিভাগে ৭১৪, খুলনা বিভাগে ৮০৫, সিলেট বিভাগে ৩৮১ জন আসামির জামিন হয়েছে গত সপ্তাহে। প্রসঙ্গত, গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি চেম্বার আদালত এবং হাইকোর্ট বিভাগে একাধিক ভার্চুয়াল বেঞ্চ গঠন করা হয়। এরপর থেকে নিম্ন আদালতে ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়।