ভারতে নিষিদ্ধ পাবজিসহ ১১৮ মোবাইল অ্যাপ

২ সেপ্টেম্বর, ২০২০ ২২:০৭  
আজ (বুধবার) ভারতে পাবজিসহ ১১৮ মোবাইল অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করল সরকার। তথ্য-প্রযুক্তি মন্ত্রনালয় থেকে জানানো হয়েছে, ‘দেশের সাবভৌমত্ব, অখণ্ডতা, প্রতিরক্ষা ও রাষ্ট্রের সুরক্ষার কথা বিবেচনা করে ১১৮ মোবাইল অ্যাপকে ভারতে নিষিদ্ধ করা হচ্ছে।’ এর আগে টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ার-ইট, উই-চ্যাট, ক্যামস্ক্যানার-সহ ৫৯টি চীনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করে দেয় সরকার। সরকারের দাবি ভারতের সুরক্ষা, সংহতি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা এবং এ দেশের সাধারণ মানুষের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সব অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে, সেই অ্যাপ-নির্মাতাদের তালিকায় রয়েছে টেনসেন্ট, আলিবাবা, শাওমির মতো একাধিক চীনা সংস্থা। সরকার জানিয়েছে, ২০০৯ সালের তথ্য-প্রযুক্তি আইনের ৬৯-এ ধারা অনুসারে ভারতে ১১৮ মোবাইল অ্যাপের উপর নিষেজাজ্ঞা জারি করা হয়েছে। চীনের আইন অনুসারে সেদেশের সব অ্যাপ সংস্থাগুলো চীনা গোয়ান্দা সংস্থার সঙ্গে তথ্য আদানপ্রদানে বাধ্য। তাই জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ। জুন মাসে গালওয়ান সংঘর্ষের পরই দুই ধাপে একাধিক জনপ্রিয় চীনা অ্যাপ এ দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।