বিজয়ের মাসে বাংলাদেশের আরো একবার বিশ্বজয়

১১ ডিসেম্বর, ২০২২ ০০:১৮  
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র আয়োজিত ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২২’ প্রতিযোগিতায় ‘মোস্ট ইন্সপিরেশনাল’ ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের একটি দল। আকাশে মিটি মিটি জ্বলা তারাগুলোর গল্পগুলো জানা ও নাক্ষত্রিক পরিবর্তনের বিষয়টি অনুধাবনের একটি গেইম বানিয়ে বিশ্বের ৩১ হাজার প্রতিযোগীকে টপকে এই বিজয় অর্জন করেছে ‘টিম ডায়মন্ডস’। ১০-১২ বছরের শিশুদের মহাকাশ সম্পর্কে জানাতে তাদের বানানো গেইমটির নাম ‘ডায়মন্ড ইন দ্য স্কাই’। দলটি এবারের নাসা স্পেস অ্যাপস বাংলাদেশ পর্বে কুমিল্লা থেকে চ্যাম্পিয়ন হয়েছিলো। ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’ ২০১২ সালে শুরু হওয়া একটি বার্ষিক আন্তর্জাতিক প্রতিযোগিতা। প্রথম এই প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পেয়েছিলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল। ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০১৮’তে ‘বেস্ট ডেটা ইউটিলাইজেশন’ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে শাবিপ্রবি থেকে অংশগ্রহণকারী দল ‘সাস্ট অলিক’। গত বছর ‘মহাকাশ’ নামে বাংলাদেশের একটি দল বিজয়ী হয়েছিল ‘বেস্ট মিশন কনসেপ্ট’ ক্যাটাগরিতে। ভিনগ্রহে অভিযানের সময় মুক্তভাবে উড়তে থাকা ধুলিকণা নিয়ন্ত্রণের কাজ করতে সক্ষম ‘এআরএসএস-অ্যাডভান্সড রিগোলিথ স্যাম্পলার সিস্টেম’ উদ্ভাবন করে এই পুরস্কার জিতেছিলো তারা।