ফের ৪জির গতিতে ফেল করলো চার অপারেটর

২৪ মার্চ, ২০২১ ২২:৪৮  

চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবার (ফোর-জি) পরীক্ষায় বিটিআরসির বেঁধে দেয়া মান উত্তীর্ণ হতে পারেনি দেশের চার মোবাইল অপারেটর।

বুধবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির দেওয়া তথ্য এবং ২০১৯ সালের চার বিভাগের দেওয়া জরিপের ফলাফল বিশ্লেষণ করে এই তথ্যের দেখা মেলে।

নিয়ন্ত্রণ সংস্থার জরিপ অনুযায়ী, ঢাকার গ্রাহকেরা বিটিআরসির বেঁধে দেওয়া মান অনুযায়ী এখনো সর্বনিম্ন ৭ এমবিপিএস গতির ইন্টারনেট দিতে ব্যর্থ হয়েছে।

২৩ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় এই জরিপ চালায় বিটিআরসি। ফলাফলে দেখা যায় গ্রামীণফোন ও রবির গ্রাহকেরা ৫ দশমিক ৭২ এমবিপিএস, বাংলালিংক গ্রাহকেরা ৪ দশমিক ৯৪ এমবিপিএস ও টেলিটক গ্রাহকেরা ২ দশমিক ৮২ এমবিপিএস পাচ্ছে। যা বিটিআরসির সেবার মান বিধিমালার শর্ত পূরণ করতে পারেনি।

এর আগে ২০১৯ সালের ২৮ এপ্রিল চারটি বিভাগে ইন্টারনেট সেবার মান বিষয়ক জরিপ প্রকাশ করে বিটিআরসি। রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগে এ জরিপ পরিচালনা করা হয়।

জরিপ অনুযায়ী, এ চার বিভাগে ফোরজিতে বিটিআরসির বেঁধে দেওয়া মান উত্তীর্ণ হতে পারেনি কোনো অপারেটরই।আগে ঢাকায়ও বিটিআরসি একই জরিপ করেছিল। সেখানেও ফোরজিতে নির্ধারিত হারে গতি পাওয়া যায়নি।