প্লেস্টেশনে বহাল থাকছে ‘কল অফ ডিউটি’

২২ জানুয়ারি, ২০২২ ২১:৫২  
মাইক্রোসফট অ্যাক্টিভিশন ব্লিজার্ড কেনার ঘোষণা দেওয়ার পর থেকেই শঙ্কিত ছিল পুরো গেমিং জগৎ। অ্যাক্টিভিশনের নির্মিত জনপ্রিয় টাইটেলগুলো মাইক্রোসফট কেবল নিজস্ব প্ল্যাটফর্মে সীমিবদ্ধ করে ফেলবে– এমন ভয় জেঁকে ধরেছিল গেমারদের। তবে এবার বুঝি হাঁপ ছেড়ে বাঁচলেন ‘কল অফ ডিউটি’র প্লেস্টেশন গেমাররা। কেননা,সিরিজের বিদ্যমান গেমগুলো সনি’র প্লেস্টেশন প্ল্যাটফর্মে বহাল থাকছে– এমন ইঙ্গিতই দিয়েছেন মাইক্রোসফটের গেমিং প্রধান ফিল স্পেন্সার। যদিও কল অফ ডিউটি’ ফ্র্যাঞ্চাইজের পরবর্তী গেমগুলো কেবল মাইক্রোসফটের প্ল্যাটফর্মে সীমাবদ্ধ থাকবে কি না, সেই প্রশ্নের উত্তর এখনো পরিষ্কার নয়। অবশ্য এরই মধ্যে গেল সপ্তাহে সনি’র কর্মকর্তাদের সঙ্গে এই প্রসঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছেন স্পেন্সার। এরপর আশার বাণী শুনিয়েছেন তিনি। বলেছেন- “অ্যাক্টিভিশন ব্লিজার্ড কিনে ফেলার পর বিদ্যমান সকল চুক্তি বহাল রাখার এবং কল অফ ডিউটি প্লেস্টেশনে রাখার সদিচ্ছা নিশ্চিত করেছি আমি। সনি আমাদের শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এই পারস্পারিক সম্পর্কের গুরুত্ব দেই আমরা”। অ্যাক্টিভিশন ব্লিজার্ডের আগে একাধিক জনপ্রিয় গেমের আরেক নির্মাতা ‘বেথেসডা সফটওয়ার্কস’ কিনে নিয়েছিল মাইক্রোসফট। প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ এর তথ্য অনুযায়ী, এরপর বেথেসডার নতুন গেম ‘স্টারফিল্ড’ শুধুমাত্র এক্সবক্স এবং পিসি’তে মুক্তি দেওয়ার পরিকল্পনা হাতে নেয় মাইক্রোসফট। এদিকে ‘এল্ডার স্ক্রোল সিক্স’-এর ভাগ্যও একই হতে পারে– এমন ইঙ্গিত দিয়েছেন স্পেন্সার। নিজস্ব ‘গেম পাস’ সাবস্ক্রিপশন সেবা আরো শক্তিশালী করার চেষ্টা করছে মাইক্রোসফট। এমন পরিস্থিতিতে নতুন গেম দুটি নিজস্ব প্ল্যাটফর্মে সীমাবদ্ধ রাখা কৌশলগত ভাবে সঠিক সিদ্ধান্ত মনে হতেই পারে। তবে, কল অফ ডিউটি’র বেলায় সম্ভবত ভিন্ন পথে হাঁটার পরিকল্পনা করেছেন স্পেন্সার। আগেও মাইক্রোসফটের নিজস্ব গেম ভিন্ন প্ল্যাটফর্মে খেলার সুযোগ রেখেছেন তিনি। নির্মাতা ‘মোজ্যাং’ কিনে নেওয়ার পর বেশ কয়েক বছর পেরিয়ে গেলেও এখনো একাধিক প্ল্যাটফর্মে মাইনক্র্যাফট খেলার সুযোগ বহাল রেখেছে মাইক্রোসফট। এমনকি, পরবর্তীতে নতুন একটি ‘মাইনক্র্যাফট’ গেমও বাজারজাত করেছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট। প্লেস্টেশন, এক্সবক্স, নিনটেনডো সুইচ এবং পিসি থেকেও খেলা যায় ‘মাইনক্র্যাফট ডানজনস’।