প্রকৌশল ৩ গুচ্ছের ভর্তি পরীক্ষা ৪ মার্চ

২২ ডিসেম্বর, ২০২৩ ০০:২৭  

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নেতৃত্বে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৪ মার্চ (সোমবার)। ভর্তি আবেদনের যোগ্যতা ও সময়সূচি শিগগরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত চুয়েটের সহকারী রেজিস্ট্রার (সমন্বয়, উপাচার্য অফিস) মুহাম্মদ রাশেদুল ইসলাম।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও চুয়েটের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল আগামী বছরের ৪ মার্চ সোমবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তথ্যটি নিশ্চিত করে বলেন, "শীঘ্রই ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা, শর্তাবলি ও অন্যান্য সময়সূচি সংক্রান্ত যাবতীয় তথ্য পরবর্তী সভায় আলোচনার মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে।"

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ছাড়া বাকি দুই প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো হলো- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

সূত্র মতে, বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলরসমুহের সমন্বয়ে গঠিত এডমিশন এডভাইজরি কমিটি (AAC) এবং সেন্ট্রাল এডমিশন কমিটি (CAC)-এর ২১ ডিসেম্বর সন্ধ্যায় এ নিয়ে ভার্চুয়ালি যৌথ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।