দেশজুড়ে গণগ্রন্থাগারে হবে রোবট অলিম্পিয়াড

৩ মার্চ, ২০২০ ১৪:৫২  
দেশজুড়ে গণগ্রন্থাগারগুলোতে অনুষ্ঠিত হবে চলতি বছরের বাংলাদেশ রোবট অলিম্পিয়াড, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের একটিভেশন ও কর্মশালা। গণগ্রন্থাগারগুলোকে আরো জনপ্রিয় করতে গত দুইবছর ধরে নেয়া নানা অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও ব্রিটিশ কাউন্সিল। এ উপলক্ষে সোমবার (২ মার্চ) ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক(বিডিওএসএন) ও ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরি আনলিমিটেড প্রকল্পের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। লাইব্রেরি আনলিমিটেডের প্রকল্প পরিচালক কার্টসি ক্রেফোর্ড এবং বিডিওএসএনের সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতায় স্বাক্ষর করেন। অনুষ্ঠানে গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুল মান্নান ইলিয়াস, ডেপুটি ডিরেক্টর এন্ড্রু নিউটন, লাইব্রেরি আনলিমিটেড প্রকল্পের কারিগরী কর্মকর্তা টিম গ্রিন ও আইসিটি সমন্বয়ক মিশাল ইসলাম, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের সিইও মমলুক সাবির আহমেদ, প্রথম আলোর যুব কার্যক্রমের প্রধান মুনির হাসান, রোবট অলিম্পিয়াডের বাংলাদেশের সমন্বয়কারী রেদওয়ান ফেরদৌস, পাওয়ার স্টেশনের সিইও কাব্য আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত দুই বছর ধরে প্রতিটি জেলা লাইব্রেরিতে কম্পিউটার ব্যবহার করে শিক্ষার্থীরা প্রোগ্রামিং শেখায় ও কানো কম্পিউটিং এবং আইওটি ভিত্তিক প্রশিক্ষণ দেয়। এখন পর্যন্ত প্রতিষ্ঠান দুটি ৩৩ টি জেলায় ৩৫ টি ওয়ার্কশপের মাধ্যমে ৩৮১৮ জন শিক্ষার্থীকে হাতেকলমে প্রশিক্ষণ দিয়েছে। ২০২০ সালের মধ্যে দেশের ৬৪ জেলায় এসকল কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে।