ঢাকা ক্লাবে বিশেষ সিটিও সম্মেলন

১৮ জানুয়ারি, ২০২০ ০৯:০৬  
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে “চতুর্থ শিল্পবিপ্লব ও সাইবার নিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় তথ্যপ্রযুক্তিবিদদের প্রস্তুতি” স্লোগানে শনিবার (১৮ জানুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে প্রধান কারিগরি কর্মকর্তাদের (সিটিও) সম্মেলন- সিটিও টেক সামিট ২০২০। সিটিও ফোরামের আয়োজনে ঢাকা ক্লাবের স্যামসন চৌধুরী কনভেনশন সেন্টারে আয়োজিত সম্মেলনে যোগ দিচ্ছেন দেশ ও বিদেশের প্রায় ৪০ জন বিশেষজ্ঞ। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ইসি কাউন্সিলের ওয়াশিংটন চ্যাপ্টার থেকে১৫ জন, সাইবার সিকিউরিটি অব মালয়েশিয়া থেকে পাঁচজন, ভারতের ইনফোসেক ফাউন্ডেশন থেকে প্রায় ১৫ জন, সিআইও ফোরাম অব নেপাল থেকে তিনজন এবং ভুটান থেকে দুজন সম্মেলনে যোগ দিচ্ছেন। সকাল ১০টায় আয়োজনের উদ্বোধন করছেন প্রধান মন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ডঃ মশিউর রহমান ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। এসময় উপস্থিত থাকছেন ভারতীয় হাই কমিশনার রিভা দাশ গাঙ্গুলি ও সিনিয়র সেক্রেটারি এন এম জিয়াউল আলম। সাইবার নিরাপত্তা ও ডিজিটাল উদ্ভাবন-দুটি ভাগে চারটি করে মোট আটটি সেমিনার ও প্যানেল আলোচনার পাশাপাশি সম্মেলনস্থলে বেশকিছু স্টলও থাকছে। আয়োজক সূত্রে জানাগছে, সম্মেলনে আধুনিক প্রযুক্তির নানা বিষয় তুলে ধরবেন বিশেষজ্ঞরা। বিকেলে সম্মেলনের সমাপনীতে থাকছেন প্রধান মন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যাবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম।