ড্রোন উড়িয়ে মশার বাসস্থান খুঁজে পেল চসিক
মশার বাসস্থান খুঁজতে ড্রোন উড়িয়ে নগরীর বিভিন্ন বহুতল ভবনের সুইমিংপুল আর ছাদবাগানে জমে থাকা পানিতে গড়ে ওঠা মশার আবাসস্থল সনাক্ত করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। রোববার (৯ জুলাই) নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে চালানো অভিযান করে ৭টি ভবন মালিককে জরিমানা করা হয়েছে ৮৭ হাজার টাকা। বাকিদের সতর্ক করে দেয়া হয়েছে চেতনতামূলক লিফলেট।
অভিযান শেষে চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী জানিয়েছেন, ড্রোন দিয়ে বহুতল ভবনগুলোর ছাদ পর্যবেক্ষণ করে প্রায় সবগুলো ভবনের ছাদেই পানি জমে থাকতে দেখা গেছে। তাই সবাইকে ডেকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে কোথাও জমে থাকা পানি না সরালে জরিমানাসহ কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও অভিযানের পাশাপাশি ৪৩৫টি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে লার্ভিসাইডসহ বিভিন্ন মশা নিধনকারী ওষুধ ছিটানো হচ্ছে।
অভিযানে মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম জানান, মশার সংক্রমণ কমাতে আমরা ১০০ দিনের ক্রাশ প্রোগ্রামের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে জোর দেয়া হচ্ছে। আরবান ভলান্টিয়ার ও রেডক্রিসেন্টের ভলান্টিয়ারদের ৮টি টিম গঠন করে নগরের ৮টি গুরুত্বপূর্ণ পয়েন্টে মাইকিংসহ লিফলেট বিতরণ করে জনগণকে তাদের বাড়িতে জমে থাকা পানি অপসারণ করার আহ্বান জানানো হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম কাউন্সিলর মো. মোরশেদ আলম ও জেসমিন পারভীন জেসী।







