ডিজিটাল বাংলাদেশের নেতৃত্ব দেবে ছাত্ররা

২০ ফেব্রুয়ারি, ২০২০ ১৯:৫০  
শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখার আহ্বান জানিয়ে ছাত্ররাই আগামীর ডিজিটাল বাংলাদেশের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর জেলার সিংরাইয়ের বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজের ২ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত আইসিটি ভবনের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এই আহ্বান জানান তিনি। কলেজের অধ্যক্ষ মকসেদ আলী প্রামানিকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, লালোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক রুবেল হোসেন প্রমুখ। প্রতিমন্ত্রী বলেন, গত ১১ বছরে দেশজুড়ে ৮ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করেছে সরকার। আগামী ৫ বছরে আরো নতুন করে ১০ হাজার ল্যাব স্থাপন করা হবে। সারাদেশে ২৮টি হাইটেক পার্ক, ৬৪টি শেখ কামাল আইটি ইনকিবেশন সেন্টার স্থাপন করা হচ্ছে। ভবিষ্যত প্রজন্মের সন্তানরা বাংলাদেশে নিজ নিজ জায়গায় বসে বিদেশ অনলাইন মার্কেট প্লেসে কাজ করতে পারে। কিন্তু এই সকল কার্যক্রম তখনই সফল হবে, যখন আমরা দেশ প্রেমে উদ্বুদ্ধ হবো। একটি দায়িত্বশীল নতুন প্রজন্ম গড়ে তুলতে পারবো। জুনাইদ আহমেদ পলক বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর। আজ থেকে ১০ বছর আগে তরুণদের জন্য যে ধরনের কর্মসংস্থান ছিলো এখন তার ধরন পরিবর্তিত হয়েছে। এখন বাংলাদেশে ৬ লাখ তরুণ-তরুণী আইটি ফ্রিল্যান্সার হিসেবে অনলাইনে কাজ করছে। আগামী ৫ বছরে আরো নতুন করে ১০ লাখ তরুণ তরুণীকে প্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া হবে। তিনি আরো বলেন, বর্তমান বিশ্বে অংক, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রির মতোই প্রোগ্রামিং শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকে তোমরা যারা ছাত্র আছো তারাই আগামীর ডিজিটাল বাংলাদেশের নেতৃত্ব দেবে।