জেনিক্স ইনফোসিস ও উইপ্রো’র ৩ কর্মী আটক
দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোনের অভ্যন্তরীণ ডাটাবেজে অনুপ্রবেশ করে ৭২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তৃতীয়পক্ষীয় (থার্ড পার্টি) কলসেন্টারের ৩ জন কর্মীকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ইনভেস্টিগেশন ইউনিট।
গ্রামীণফোনের সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান জেনিক্স ইনফোসিস লিমিটেড ও উইপ্রো লিমিটেড কল সেন্টারের এই কর্মীরা হলেন- শুভ্রদেব চক্রবর্তী (২৪), রাজু সরকার (২৬) ও মো. মিজানুর রহমান (৪২)।
এদের মধ্যে সিরাজগঞ্জের বামদেব চক্রবর্তীর ছেলে শুভ্রদেব চক্রবর্তীকে (২৪) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বি-ব্লকের ৮ নম্বর রোডের ৬১ নম্বর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি জামালপুরের মিজানুর রহমানের ছেলে রাজু সরকারকে (২৬) সাভারের জিরানী বাজার এলাকা থেকে এবং মামলার ৪ নম্বর আসামি কুমিল্লার সিরাজুল ইসলামের ছেলে মিজানুর রহমানকে (৪২) শেরে বাংলা নগর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
পোস্টপেইড সিমের মালিকানা পরিবর্তন ও ক্রেডিট বাড়িয়ে এ ধরনের প্রতারণার আলামত পেয়ে গত ১ জানুয়ারি ভাটারা থানায় মামলা করেছিলো গ্রামীণফোন কৃর্তপক্ষ।
তদন্তকালে ঘটনার সত্যতা পাওয়ায় সিআইডির সাইবার ইনভেস্টিগেশনের একটি চৌকস টিম বুধবার (১০ মার্চ) গভীর রাতে আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ৪টি মোবাইল সেট ও ১টি ল্যাপটপ জব্দ করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার মূল আসামি রাজু সরকার সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের সিস্টেমে অবৈধ অনুপ্রবেশ করে সিস্টেম থেকে প্রায় ২০-২৫ টি পোস্ট পেইড নম্বরে লাখ লাখ টাকার ক্রেডিট লিমিট বাড়িয়ে নিতেন। ওই সব পোস্ট পেইড নম্বরগুলো আসামি ও তাদের সহযোগীরা ব্যবহার করতো। পরবর্তীতে আসামি রাজু সরকার তার অপর সহযোগী ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে বিভিন্ন গ্রাহকদের কাছে অবৈধভাবে মিনিট প্যাক (৫০০/১০০০ মিনিট), ইন্টারনেট প্যাক আকারে বিক্রি করে বিক্রয়লব্ধ লাখ লাখ টাকা নির্দিষ্ট হারে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করতো।