চুয়েটের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী তুরস্ক

১০ জানুয়ারি, ২০২১ ১৯:১৩  
চুয়েটের সঙ্গে প্রযুক্তি শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণা বিনিময়ে আগ্রহ প্রকাশ করেছেন তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান। একইসঙ্গে তুরস্কের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সাথে বিশ্ববিদ্যালয়টির সমঝোতা স্মারকের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক জোরদারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। রেববার বিকেলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাউন্সিল কক্ষে আয়োজিত বিশ্ববিদ্যালয়য়ের ডীন, পরিচালক ও বিভাগীয় প্রধানদের সাথে মতবিনিময় সভায় এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে চট্টগ্রামস্থ তুরস্কের অনারারি কনসুল জেনারেল সালাহউদ্দিন কাসেম খান এবং চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বক্তব্য রাখেন। বক্তব্যে তুরস্কের সাথে দ্বিপাক্ষিক শিক্ষক-শিক্ষার্থী বিনিময় ও যৌথ গবেষণা প্রোগ্রাম চালুর প্রস্তাব দেন চুয়েট ভিসি। অনুষ্ঠানের শুরুতে চুয়েটের উপর একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়। আর মতবিনিময় সভা শেষে এ.কে. খান ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত শামসেন নাহার খান হল পরিদর্শন করেন তুরস্কের রাষ্ট্রদূত।