ক্যাশলেস লেনদেনে মিলবে ৩ বছরের কর অব্যাহতি
২০২৪-২৫ অর্থবছরে ক্যাশলেস হওয়ার শর্তে ৩ বছর কর অব্যাহতি পাচ্ছে তথ্যপ্রযুক্তি ও টেলিকমের ১৯ ধরনের ব্যবসায় কার্যক্রম। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশ প্রস্তাবিত বাজেট পেশ করে এই তথ্য দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
অধিবেশন শুরু হওয়ার পর ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ শীর্ষক বাজেট প্রস্তাবনায় তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সহায়ক হিসেবে আমি কোনো নিবাসী ব্যক্তি বা অনাবাসী বাংলাদেশী স্বাভাবিক ব্যাক্তির নিম্নবর্ণিত কোনো ব্যবসা হতে আয় , উক্ত ব্যাক্তির সকল ব্যবসায়িক কার্যক্রম ক্যাশলেস হবার শর্তে ৩ বছর কর অবমুক্ত করার প্রস্তাব করছি।’
পঠিত হিসেবে গণ্য বাজেট বক্তৃতা অনুযায়ী, এই ১৯টি ব্যবসা হচ্ছে এআই বেজড সলিউশন ডেভেলপমেন্ট; ব্লকচেইন বেজড সলিউশন ডেভেলপমেন্ট; রোবোটিকস প্রসেস আউটসোর্সিং; সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস; সাইবার সিকিউরিটি সার্ভিস; ডিজিটাল ডেটা অ্যানালিটিকস ও ডেটা সায়েন্স; মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস; সফটওয়্যার ডেভেলপমেন্ট ও কাস্টমাইজেশন; সফটওয়্যার টেস্ট ল্যাব সার্ভিস; ওয়েব লিস্টিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও সার্ভিস; আইটি সহায়তা ও সফটওয়্যার মেইনটেন্যান্স সার্ভিস; জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস; ডিজিটাল অ্যানিমেশন ডেভেলপমেন্ট; ডিজিটাল গ্রাফিকস ডিজাইন; ডিজিটাল ডেটা এন্ট্রি ও প্রসেসিং; ই-লার্নিং প্ল্যাটফর্ম ও ই-পাবলিকেশন; আইটি ফ্রিল্যান্সিং; কল সেন্টার সার্ভিস; ডকুমেন্টে কনভারশন, ইমেজিং ও ডিজিটাল আর্কাইভিং।
ভবিষ্যতে যেসব ব্যবসা কর অব্যাহতির সুবিধা পাবে না, সেগুলোর মধ্যে রয়েছে নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন), আইটি প্রসেস আউটসোর্সিং, ওয়েবসাইট হোস্টিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্ভিস, ক্লাউড সার্ভিস ও সিস্টেম ইন্টিগ্রেশন।
একটি উদীয়মান ও সম্ভাবনাময় খাত হিসেবে তথ্যপ্রযুক্তি খাতে ২০১১ সাল থেকে কর অব্যাহতির সুবিধা দিয়ে আসছে সরকার। ২০২০-২১ অর্থবছরে এ সুবিধার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পরে সরকার এ সুবিধার মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত বাড়ায়।
চলতি বছরের শুরু থেকেই খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা তথ্যপ্রযুক্তি খাতে কর অব্যাহতির সুবিধা অব্যাহত রাখার জন্য দাবি জানিয়ে আসছিলেন।
আগে আইসিটি খাতের ২৭টি ব্যবসায় কর অব্যাহতির সুবিধা ছিল। ভবিষ্যতে যে ১৯টি ব্যবসা কর অব্যাহতির সুবিধা পাবে, তার মধ্যে অনেকগুলোই এই তালিকায় ছিল। সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বেসিসের সাবেক সভাপতি ও বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর বলেন, ‘আমরা খুশি যে এনবিআরকে বোঝাতে পেরেছি। সরকার ক্যাশলেস কার্যক্রম চালানোর করার শর্তে আরও তিন বছরের জন্য কর অব্যাহতির সুবিধা দিয়েছে। যেসব খাতে কর অব্যাহতি রাখা হয়েছে, তা ঠিক আছে। অনেকেই আইটি বা আইটিএস সেবা না দিয়েও এত দিন এ সুবিধা পেয়ে আসছিল, সেটা আর থাকবে না। এখন খাত–সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব হচ্ছে নিজেদের ব্যবসাকে সঠিকভাবে এগিয়ে নেওয়া। পাশাপাশি সবার প্রত্যাশা থাকবে ইকোসিস্টেম যেন এমনভাবে গড়ে ওঠে, যাতে ভবিষ্যতে কর অব্যাহতির আর প্রয়োজন না হয়।’







