ওয়ালটন প্রতিষ্ঠাতা তিরোধানের ষষ্ঠ বছর পূর্তী

১৭ ডিসেম্বর, ২০২৩ ১৫:০৭  

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্সেস প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম তিরোধানের ষষ্ঠ বছর আজ ১৭ ডিসেম্বর। ২০১৭ সালের এই দিনে ৯৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

তবে মৃত্যুর পাঁচ বছর পর তাঁকে স্মরণে এ বছর বিশেষ কোনো আনুষ্ঠানিকতার খবর পাওয়া যায়নি। অনানুষ্ঠানিক ভাবে প্রাতিষ্ঠানিক ভাবে দোআ অনুষ্ঠানের মাধ্যমে  প্রয়াণ দিবসে এই মহৎ ব্যক্তিকে শ্রদ্ধাভরে স্মরণ করছে ওয়ালটন পরিবার।

ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে এই প্রযুক্তি উদ্যোক্তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে ডিজবাংলাটেক পরিবার।

 ১৯২৮ সালের ৭মে টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বাংলাদেশের মেড ইন ইলেকট্রনিক্স শিল্পের স্বপ্নদ্রষ্টা এস এম নজরুল ইসলাম। তার পিতা এস এম আতাহার আলী তালুকদার ছিলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। পিতার সঙ্গেই তিনি ঠিকাদারি ব্যবসা শুরু করেছিলেন। স্বাধীনতার পর ১৯৭৭ সালে বড় ছেলে এস এম নুরুল আলম রেজভীর নামে রেজভী অ্যান্ড ব্রাদার্স নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠানটি আরবি গ্রুপ নামে পরিচিত ছিলো। তবে ১৯৯৯ সালে নাম পাল্টে হয়েছে ওয়ালটন গ্রুপ। প্রথমে ইলেকট্রনিকস পণ্য আমদানী এবং পরে দেশেই উৎপাদনের ধারাবাহিকতায় এখন তো ওয়ালটনের রয়েছে বিশাল সাম্রাজ্য।

তারই সন্তানেরা আগলে রেখেছেন এই সাম্রাজ্য। পাঁচ ছেলে এস এম নুরুল আলম, এস এম শামসুল আলম, এস এম আশরাফুল আলম, এস এম মাহবুবুল আলম এবং এস এম রেজাউল আলম ছাড়াও ব্যবসায়ে যুক্ত আছেন তিন নাতি এস এম মনজুরুল আলম, তাহমিনা আফরোজ ও রাইসা সিগমা।

শুধু ব্যক্তিগত ব্যবসাই নয়, নিজ গ্রামে মরহুম এসএম  নজরুল ইসলাম কারিগরি বিদ্যালয় নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। এ ছাড়াও তার অর্থায়নে প্রতিষ্ঠিত হয়েছে মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান, এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। টাঙ্গাইল কেন্দ্রীয় জমি বন্ধকি ব্যাংকেরও তিনি অন্যতম প্রতিষ্ঠাতা।