এসএমএসে পাসপোর্ট যাচাই তথ্যসেবা

১ ডিসেম্বর, ২০১৯ ১১:২৮  
ঢাকাতেও চালু হলো এসএমএসের মাধ্যমে পাসপোর্ট ও সরকারি চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন (পরিচয় ও ঠিকানা যাচাই) তথ্য প্রদানের সুবিধা। রোববার (১ ডিসেম্বর) ঢাকা অঞ্চলের ১৩টি জেলায় এই সুবিধা চালু করা হয়েছে। আজ থেকেই আবেদন ও ভেরিফিকেশন সম্পন্ন হবার পর তা আবেদনকারীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। সূত্রমতে, পাসপোর্টসহ অন্যান্য প্রয়োজনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর জেলার আবেদনকারীরা তদন্ত কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গে মুঠোফোনে তা জানতে পারছেন। একই সঙ্গে তদন্ত কর্মকর্তাও (যিনি তথ্য যাচাই করবেন) জেনে যাবেন তার কাছে আসা আবেদনকারীর মোবাইল নম্বরসহ অন্যান্য তথ্য। জানাগেছে, জরুরি পাসপোর্টের ক্ষেত্রে তিন দিন এবং সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে পাঁচ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন পাঠাবেন তদন্ত কর্মকর্তারা। এরপরই আবেদনকারীর মোবাইলে এসএমএসের মাধ্যমে প্রতিবেদন তার পক্ষে বা বিপক্ষে গেছে, তা জানানো হবে। প্রসঙ্গত, গতমাসে চট্টগ্রাম মহানগরীতে এই সুবিধা চালু হয়।