এবার স্ন্যাপচ্যাটে নিষিদ্ধ ট্রাম্প

১৪ জানুয়ারি, ২০২১ ১৫:৩০  
ফেসবুক, টুইটার ও ইউটিউবের পর এবার মাল্টিমিডিয়া মেসেজ প্লাটফর্ম স্ন্যাপচ্যাটে স্থায়ীভাবে নিষিদ্ধ হলেন বিদায়ী মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  গত সপ্তাহে ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হলেও বুধবার তা স্থায়ী রূপ দেয় প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে  স্ন্যাপচ্যাট কমিউনিটির মঙ্গলের স্বার্থে এই পদক্ষেপ বলে জানিয়েছেন স্ন্যাপচ্যাট মুখপাত্র। তিনি বলেছেন, ‘মিথ্যা তথ্য ও ঘৃণা ছড়ানো এবং সহিংসতায় উসকানি দেয়া আমাদের নীতিমালার পরিষ্কার লঙ্ঘন। তাই এসব অভিযোগের প্রেক্ষিতে জনস্বার্থে আমরা তার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।’ এর আগে গত সপ্তাহে অনির্দিষ্টকাল পর্যন্ত অথবা অন্তত ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত তারা ট্রাম্পের অ্যাকাউন্টে কোনো পোস্ট দেয়ায় নিষেধাজ্ঞা আরোপ করে ফেসবুক। ক্যাপিটল ভবনে হামলার পর ট্রাম্পের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার তার অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর কয়েক দিন পরেই তারা অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়। এদিকে মঙ্গলবার ইউটিউব জানায়, নীতিমালা লঙ্ঘনের দায়ে তারা অন্তত এক সপ্তাহ পর্যন্ত ট্রাম্পের চ্যানেলে কোনো ভিডিও আপলোডের সুযোগ বন্ধ করে দিয়েছে।