ইন্টেল অধিগ্রহণে কোয়ালকমের আগ্রহ কমেছে
যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম অপর চিপ জায়ান্ট ইন্টেলকে অধিগ্রহণের আগ্রহ হারিয়েছে। এই চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট জটিলতাগুলোর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ব্লুমবার্গ নিউজের বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, ইন্টেলের পুরো কোম্পানি অধিগ্রহণের চেয়ে এর নির্দিষ্ট অংশ নিয়ে ভাবতে পারে কোয়ালকম। ভবিষ্যতে তারা ইন্টেল অধিগ্রহণের প্রস্তাব আবার বিবেচনা করতে পারে বলেও সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে উভয় কোম্পানির কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে সেপ্টেম্বরে কোয়ালকম ইন্টেল অধিগ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা শুরু করেছিল বলে রয়টার্সসহ বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হয়েছিল। তবে এই চুক্তি বাস্তবায়িত হলে এটি চিপ শিল্পে সবচেয়ে বড় চুক্তি হতে পারে এবং বিশ্বব্যাপী কঠোর অ্যান্টিট্রাস্ট পরীক্ষা-নিরীক্ষার মুখোমুখি হতে পারে।
রয়টার্স আরও জানিয়েছিল, কোয়ালকম ইন্টেলের ডিজাইন ব্যবসার নির্দিষ্ট অংশ কেনার বিষয়েও আলোচনা করেছিল। তবে সে সময় ইন্টেল জানিয়েছিল, কোয়ালকম থেকে তাদের কাছে এ ধরনের কোনো প্রস্তাব আসেনি। কোয়ালকমও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
চিপ নির্মাণে একসময় শীর্ষে থাকা ইন্টেল সাম্প্রতিক বছরগুলোতে প্রতিযোগী প্রতিষ্ঠান টিএসএমসির কাছে তাদের অবস্থান হারিয়েছে। এছাড়াও জেনারেটিভ এআই প্রযুক্তি থেকে পিছিয়ে পড়া এবং ওপেনএআইতে বিনিয়োগ না করার মতো ভুল সিদ্ধান্ত ইন্টেলের অবস্থানকে দুর্বল করেছে।
এ মাসের শুরুতে ইন্টেল ২৫ বছর পর ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ থেকে বাদ পড়েছে এবং এনভিডিয়া সেখানে জায়গা করে নিয়েছে। এ বছর ইন্টেলের শেয়ারমূল্য ৫০ শতাংশের বেশি হ্রাস পেয়েছে।
ডিবিটেক/বিএমটি







