আপডেট: পরিবারের জিম্মায় মুন্নী সাহা

৩০ নভেম্বর, ২০২৪ ২৩:৩৯  

সফটওয়্যার টেকনোলজি পার্ক থেকে বের হয়ে জনতার হাতে আটক

রাজধানীর বাজারের সফটওয়্যার টেকনোলজি পার্ক থেকে থেকে বের হবার সময় স্থানীয়রা ঘিরে ধরলে আলোচিত সংবাদকর্মী মুন্নী সাহাকে উদ্ধার করে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি মামলায় শনিবার (৩০ নভেম্বর) রাতে তাকে গ্রেফতারের কথা জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন।

তিনি জানান, কারওয়ান বাজার একাকায় মুন্নী সাহাকে স্থানীয় লোকজন ঘিরে ফেলে। এরপর পুলিশ গিয়ে তাকে তেজগাঁও থানায় নেয়। সেখান থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

জানা গেছে, রাজধানীর কাওরান বাজারে এক টাকার খবরের অফিস থেকে বের হয়ে সবজি কিনতে গিয়ে জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক মুন্নী সাহা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে হেফাজতে নেয় তেজগাঁও থানা পুলিশ।

তবে প্যানিক অ্যাটাকে অসুস্থ থাকায় জামিনের শর্তে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক জানান, কারওয়ান বাজারে লোকজন মুন্নী সাহাকে ঘেরাও করেছিল। তখন তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়লে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে তেজগাঁও থানায় নিয়ে যায়। সেখান থেকে নিরাপত্তার স্বার্থে তাকে ডিবিতে আনা হয়। যেহেতু তার নামে চারটি মামলা আছে, সেগুলোতে জামিনের শর্তে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

সূত্রমতে, জনতা টাওয়ারের সফটওয়্যার টেকনোলজি পার্কে ১ টাকার খবর অফিসের ১৩ মাসের বকেয়া ভাড়া বাবদ মুন্নী সাহার কাছে ২৩ লাখ টাকা পায় হাইটেক পার্ক কর্তৃপক্ষ।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতা নিহতের ঘটনায় সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে মামলা হয়। গত ২২ আগস্ট যাত্রাবাড়ী থানায় ওই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মো. কামরুল ইসলাম। গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭) নিহতের ঘটনায় একটি মামলা রয়েছে। এছাড়াও গত ৬ অক্টোবর মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। চিঠিতে মুন্নী সাহার আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, এক্সচেঞ্জ, লকার ও অফশোর ব্যাংকিংয়ের তথ্য চাওয়া হয়।

ভোরের কাগজ দিয়ে মুন্নী সাহার সাংবাদিকতা শুরু। সেখান থেকে তিনি যান একুশে টেলিভিশনে। এরপর যোগ দেন এটিএন বাংলায়।এটিএন নিউজের শুরু থেকেই তিনি যুক্ত ছিলেন। মালিকপক্ষের সঙ্গে বিরোধের জেরে ২০২৩ সালের ৩১ মে মুন্নী সাহা এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। এরপর অনলাইনে ১ টাকার খবর চালু করেন তিনি।