অবসরে বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক

৩ ডিসেম্বর, ২০২০ ২২:৪১  
বিটিআরসির চেয়ারম্যান পদ থেকে অবসর নিয়েছেন মোঃ জহুরুল হক। বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থার প্রশাসন বিভাগের আয়োজনে আবেগঘন পরিবেশে বিটিআরসি কার্যালয়ের সম্মেলন কক্ষে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। অনলাইনে এই বিদায় অনুষ্ঠানে যোগ দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বক্তব্যে বিটিআরসি-তে কোনো লালফিতার দৌরাত্ম্য না থাকায় গর্ব প্রকাশ করে তিনি। বিদায়ী চেয়ারম্যানের প্রতি আস্থার বিষয় তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তাকেই এই পদে রাখতে চেয়েছিলেন। কিন্তু আইনের কারণে তা হয়নি। এটা তার যোগ্যতার অর্জন। অপরদিকে বিদায়ী চেয়ারম্যান জিপি-রবির কাছ থেকে কমিশনের পাওনা আদায় প্রক্রিয়ায় সহকর্মীদের সহায়তায় সকলকে ধন্যবাদ জানিয়ে জহুরুল হক বলেন, বিটিআরসি’র প্রতিটি কর্মী এখন স্মার্ট এবং দক্ষ। বিটিআরসি ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফা কামাল, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের ডিজি এহসানুল কবির, স্পেকট্রাম বিভাগের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল আলম, ইনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন বিভাগের ডিরেক্টর তালেব হোসেন, লিগ্যাল অ্যান্ড লাইসেন্স বিভাগের ডিজি মেসবাহুজ্জামান, প্রশাসন বিভাগের ডিজি দেলওয়ারে হোসেন, ফাইন্যান্স অ্যাকউন্ট ও রেভিনিউ বিভাগের ডিজি আশীষ কুমার কুণ্ড প্রমুখ।