পাঁচ সদস্যের স্কোয়াড চূড়ান্ত

রাশিয়ায় আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের দলঘোষণা

  • রাশিয়ার আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডের জন্য পাঁচ সদস্যের দল ঘোষণা
  • জাতীয় অলিম্পিয়াডে হাজারো শিক্ষার্থীর মধ্য থেকে পাঁচজন প্রতিনিধি নির্বাচন
  • পরিবেশ বিজ্ঞান ও টেকসই উন্নয়নে বৈশ্বিক পরিমণ্ডলে লড়বে বাংলাদেশ

রাশিয়ায় আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের দলঘোষণা
৭ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩৬  

আন্তর্জাতিক অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুজ (আইওসিই) ২০২৬-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য পাঁচ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। রাশিয়ার সিরিয়াসে অনুষ্ঠিত হতে যাওয়া মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় লাল-সবুজের প্রতিনিধিত্ব করবে এ তরুণ দল। ৭ সেপ্টেম্বর, সোমবার রাশিয়ান দূতাবাসের কালচারাল উইং সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করে।

বাংলাদেশ অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুজ (বিওসিই) ২০২৬-এর মাধ্যমে আন্তর্জাতিক দল নির্বাচন করা হয়। সাসটেইনেবিলিটি অ্যান্ড লাইফ সায়েন্সেস নেটওয়ার্ক (এসএলএসএন) এবং জিরো কম্পিটিশনস যৌথভাবে এ জাতীয় প্রতিযোগিতাটির আয়োজন করে।

আইওসিই ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী পাঁচ শিক্ষার্থী হলেন আবু মাহজুরাহ আয়মান, ফাবিহা নূরজিনা, ইসমাহ আরুশ, এস এম আনফাল হাবিব এবং কামরুন নাহার মেঘা। প্রতিনিধিদলের লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন তাসিন মোহাম্মদ ও আহনাফ তাহমিদ উদ্দিন। পর্যবেক্ষক হিসেবে দলের সঙ্গে রাশিয়া সফর করবেন ফেরদৌস আহমেদ। বিশ্বমঞ্চে তারা জলবায়ু বিজ্ঞান, পরিবেশবিজ্ঞান ও টেকসই উন্নয়ন-সম্পর্কিত তাত্ত্বিক, ব্যবহারিক ও প্রকল্পভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেবেন।

বাছাই প্রক্রিয়ার বিষয়ে জানানো হয়, চলতি বছরের ১৭ জুলাই সারা দেশে অনলাইন প্রাথমিক পর্বের মাধ্যমে বিওসিই প্রতিযোগিতা শুরু হয়। পরবর্তীতে ঢাকা, রাজশাহী ও সিলেটে আঞ্চলিক পর্ব এবং একটি অনলাইন আঞ্চলিক পর্বে প্রায় ১,০০০ শিক্ষার্থী অংশ নেয়। মেধার ভিত্তিতে বাছাইকৃত ৩০০ শিক্ষার্থীকে ২১ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অনুষ্ঠিত জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। পরবর্তীতে ২৭ আগস্ট ঢাকার রাশিয়ান হাউসে চূড়ান্ত নির্বাচন পরীক্ষার মাধ্যমে বৈজ্ঞানিক জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা ও জটিল সমস্যা সমাধানের সক্ষমতা মূল্যায়ন করে এই দল চূড়ান্ত করা হয়।
//ডিবিটেক/এনএপি/এসএমই/এমআইএস//