গুগল প্রতিনিধিদলের সাথে এআই প্রযুক্তি ও শিক্ষা নিয়ে বৈঠক

ইউনেস্কোর ডিজিটাল লার্নিং উইকে শিক্ষামন্ত্রী প্যারিস গমন

  • • ফ্রান্সে ইউনেস্কোর ‘ডিজিটাল লার্নিং উইক ২০২৬’-এর দুটি গুরুত্বপূর্ণ সেশনে বক্তব্য রাখবেন শিক্ষামন্ত্রী
  • • গুগলের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে জেমিনাই একাডেমি ও ক্রোমবুক নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা
  • • ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে ডিজিটাল শিক্ষাব্যবস্থা গঠনের তাগিদ

ইউনেস্কোর ডিজিটাল লার্নিং উইকে শিক্ষামন্ত্রী প্যারিস গমন
৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৯  

ইউনেস্কো আয়োজিত বৈশ্বিক শিক্ষাবিষয়ক সম্মেলন 'ডিজিটাল লার্নিং উইক ২০২৬'-এ অংশ নিতে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ৮ থেকে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনের চলতি বছরের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষা: সত্য, দ্বন্দ্ব, সীমানা' (Education in the age of AI: Facts, Frictions, Frontiers)। ইউনেস্কো সদর দপ্তরে আগামী ৮ সেপ্টেম্বর 'Age appropriateness and AI in Education' শীর্ষক সেশনে এবং ৯ সেপ্টেম্বর 'Teachers at the center: Agency, competencies and the teacher-student relationship' শীর্ষক প্ল্যানারি সেশনে মন্ত্রী অংশ নেবেন।

এর আগে গত ৬ সেপ্টেম্বর, রবিবার ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সচিবালয়ে গুগলের গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসির আঞ্চলিক প্রধান কাইলি গার্ডনারের (Kyle Gardner) নেতৃত্বে এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে গুগল ফর এডুকেশনের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিশেষ প্রকল্পের প্রধান টিম পাওলিনি (Tim Paolini) এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সামসুর রহমান খান উপস্থিত ছিলেন। প্রতিনিধিদল শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার ক্ষেত্রে সরকারের কৌশলগত অগ্রাধিকার সম্পর্কে অবহিত হন।

দ্বিপাক্ষিক আলোচনায় ‘গুগল এডুকেশন’-এর সার্বিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ, ‘জেমিনাই (Gemini) একাডেমি’ গঠন এবং ক্রোমবুকস (Chromebooks) সরবরাহের মাধ্যমে যৌথভাবে কাজ করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে মন্ত্রী উল্লেখ করেন, সরকার বৈশ্বিক চাহিদার সাথে তাল মিলাতে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও এআই প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব দিচ্ছে। শিক্ষকদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম বাস্তবায়নেও গুগলের সহযোগিতার বড় সুযোগ রয়েছে।
//ডিবিটেক/এনএপি/এসএমই/এমআইএস//