জিমেইল, ডকস ও কিপে যুক্ত হলো গুগলের ভয়েস এআই

জিমেইল, ডকস ও কিপে যুক্ত হলো গুগলের ভয়েস এআই
৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৩  

দৈনন্দিন কাজকে আরও সহজ করতে নিজেদের জনপ্রিয় অ্যাপগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ভয়েস ফিচার চালু করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। এখন থেকে জিমেইল, গুগল ডকস এবং গুগল কিপে টাইপ না করেই শুধু মুখে কথা বলে যেকোনো তথ্য খোঁজা, ইমেইল পর্যালোচনা বা নতুন খসড়া তৈরি করা যাবে। 

গত মে মাসে অনুষ্ঠিত 'গুগল আই/ও' সম্মেলনে ফিচারগুলোর আগাম ধারণা দেওয়া হয়েছিল। এবার তা আনুষ্ঠানিকভাবে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হলো। নতুন এই সুবিধাসমূহকে 'জিমেইল লাইভ', 'ডকস লাইভ' এবং 'কিপ লাইভ' নামে অভিহিত করেছে প্রতিষ্ঠানটি।

কথা বললেই মিলবে ইমেইল ও নতুন তথ্য
এতদিন জিমেইলে প্রয়োজনীয় কোনো ইমেইল বা ফাইল খুঁজতে সার্চ বক্সে নির্দিষ্ট শব্দ লিখে খোঁজাখুঁজি করতে হতো। তবে নতুন 'জিমেইল লাইভ' ফিচারের কল্যাণে ব্যবহারকারীরা জেমিনি চালিত এআই সহকারীকে সরাসরি মুখে প্রশ্ন করতে পারবেন। যেমন—কোনো ফ্লাইটের সময়সূচি বা নির্দিষ্ট কোনো বার্তা জানতে চাইলে এআই নিজেই পুরো ইনবক্স বিশ্লেষণ করে উত্তর জানিয়ে দেবে। 

একই সঙ্গে স্ক্রিনে কথা বলার সরাসরি লিখিত অনুলিপি বা ট্রান্সক্রিপ্ট দেখতে পাবেন ব্যবহারকারী। এতে করে ইনবক্সের শত শত বার্তার মধ্যে থেকে দ্রুত তথ্য খুঁজে পাওয়া আগের চেয়ে অনেক সহজ হবে।

নোট তৈরি ও খসড়া লেখার সহজ উপায়
লেখালিখি বা ডকুমেন্টস তৈরির ক্ষেত্রে 'ডকস লাইভ' কাজ করবে একজন সহ-লেখক হিসেবে। ব্যবহারকারী ঠিক কী লিখতে চান তা মুখে বর্ণনা করলেই জেমিনি এআই একটি প্রথম খসড়া তৈরি করে দেবে। প্রয়োজনীয় তথ্যের জন্য এটি জিমেইল, ড্রাইভ, চ্যাট কিংবা ওয়েব থেকে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করতে পারবে। 

অন্যদিকে 'কিপ লাইভ' মূলত দ্রুত নোট নেওয়ার ডিজিটাল প্যাড হিসেবে কাজ করবে। কেনাকাটার ফর্দ বা কোনো রান্নার রেসিপির উপকরণ মুখে বললেই এটি চমৎকারভাবে সাজিয়ে নোট তৈরি করে দেবে।

যেভাবে ব্যবহার করা যাবে এই ফিচার
গুগল জানিয়েছে, আপাতত অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে ইংরেজি ভাষায় ফিচারগুলো চালু করা হয়েছে। গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রিমিয়াম সেবা বা গুগল এআই প্লাস, প্রো এবং আল্ট্রা গ্রাহকেরা 'জিমেইল লাইভ' সুবিধাটি পাবেন। তবে 'ডকস লাইভ' ও 'কিপ লাইভ' ব্যবহারের জন্য প্রো এবং আল্ট্রা গ্রাহক হতে হবে। 

খুব শিগগিরই প্রাতিষ্ঠানিক বা ওয়ার্কস্পেস বিজনেস গ্রাহকদের জন্যও এই ভয়েস ফিচারগুলো সম্প্রসারণ করবে গুগল। মূলত নিজস্ব অ্যাপগুলোকে আরও বেশি ভয়েস-কেন্দ্রিক করে তোলার ধারাবাহিক উদ্যোগ হিসেবেই এই নতুন প্রযুক্তি সামনে এনেছে প্রতিষ্ঠানটি।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: টেকক্রাঞ্চ