চ্যাটজিপিটিতে আসছে বিজ্ঞাপন

চ্যাটজিপিটিতে আসছে বিজ্ঞাপন
১৮ জানুয়ারি, ২০২৬ ০০:২২  

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিতে প্রথমবারের মতো বিজ্ঞাপন দেখানোর উদ্যোগ নিচ্ছে ওপেনএআই। প্রযুক্তি উন্নয়নের উচ্চ ব্যয় সামাল দিতে রাজস্ব বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিনামূল্যের ব্যবহারকারী ও কমদামি ‘গো’ প্যাকেজের গ্রাহকদের জন্য সীমিত পরিসরে বিজ্ঞাপন পরীক্ষামূলকভাবে চালু করা হবে।

ওপেনএআই জানিয়েছে, এসব বিজ্ঞাপন চ্যাটজিপিটির রেসপন্সকে প্রভাবিত করবে না এবং ব্যবহারকারীদের কথোপকথনের তথ্য কোনোভাবেই বিপণনকারীদের সঙ্গে শেয়ার করা হবে না। 

তুলনামূলক ব্যয়বহুল প্লাস, প্রো, বিজনেস ও এন্টারপ্রাইজ প্যাকেজে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না। ১৮ বছরের নিচের ব্যবহারকারীদের ক্ষেত্রেও বিজ্ঞাপন চালু করা হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকদের মতে, সাপ্তাহিক প্রায় ৮০ কোটি সক্রিয় ব্যবহারকারী থাকায় বিজ্ঞাপন ওপেনএআইয়ের বড় আয়ের উৎস হতে পারে। তবে বিজ্ঞাপন অভিজ্ঞতা ভালো না হলে ব্যবহারকারীরা গুগলের জেমিনি বা অ্যানথ্রোপিকের ক্লডের মতো বিকল্প প্ল্যাটফর্মে চলে যেতে পারেন বলেও সতর্ক করেছেন তাঁরা।

ডিবিটেক/বিএমটি