এআইভিত্তিক সাইবার হামলা ঠেকাতে ‘সফোস ফিউশন’ উন্মোচন
- এআইভিত্তিক সাইবার হামলা মোকাবিলায় সফোসের নতুন ডিফেন্স সিস্টেম
- মানুষ ও এআইয়ের সমন্বয়ে সমন্বিত সাইবার নিরাপত্তা প্ল্যাটফর্ম
- ৫০০টির বেশি তৃতীয় পক্ষের নিরাপত্তা টুলের সঙ্গে সমন্বয় সক্ষমতা
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) যুগের দ্রুত পরিবর্তনশীল সাইবার হুমকি মোকাবিলায় নতুন সাইবার ডিফেন্স সিস্টেম ‘সফোস ফিউশন’ উন্মোচন করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস। নিরাপত্তা টুল, সেবা, তথ্য ও বিশ্লেষকদের সমন্বয়ে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মটি এআইনির্ভর সাইবার হামলা শনাক্ত ও প্রতিরোধে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা প্রদান করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সফোস জানায়, এআই প্রযুক্তির বিস্তারের ফলে সাইবার হামলার গতি, পরিসর ও জটিলতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যেখানে আগে একটি হামলার মাধ্যমে বড় ধরনের ক্ষতি করতে কয়েক দিন সময় লাগত, এখন তা কয়েক ঘণ্টার মধ্যেই সম্ভব হচ্ছে। তবে অনেক প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি ও নিরাপত্তা দল এখনও বিচ্ছিন্ন টুল ও আলাদা ব্যবস্থার ওপর নির্ভরশীল থাকায় দ্রুত প্রতিরোধ গড়ে তোলা কঠিন হয়ে পড়ছে।
এই বাস্তবতায় সফোস ফিউশন এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে নতুন হুমকির তথ্য যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে পুরো নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর ও বুদ্ধিমান হয়ে ওঠে।
সফোসের নতুন সাইবার ডিফেন্স সিস্টেমটি চারটি মূল ভিত্তির ওপর নির্মিত হয়েছে। এর মধ্যে রয়েছে শেয়ারড কনটেক্সট লেক, যেখানে বিভিন্ন উৎসের নিরাপত্তা সংকেত ও তথ্য তাৎক্ষণিকভাবে এক প্ল্যাটফর্মে একত্রিত হয়; সিঙ্ক্রোনাইজড সিকিউরিটি, যা কোনো একটি স্থানে হুমকি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সব প্রতিরক্ষা স্তরে স্বয়ংক্রিয়ভাবে প্রতিক্রিয়া জানায়; এজেন্টিক অটোনমি, যেখানে মানব বিশ্লেষকদের তত্ত্বাবধানে এআই নিজেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে পারে; এবং কম্পাউন্ডিং ইন্টেলিজেন্স, যা নতুন হুমকি থেকে শেখা তথ্য ব্যবহার করে সময়ের সঙ্গে নিরাপত্তা সক্ষমতা আরও উন্নত করে।
সফোসের প্রধান নির্বাহী কর্মকর্তা জো লেভি বলেন, এআই সাইবার হামলার গতি, পরিসর ও জটিলতা বাড়িয়ে দিচ্ছে। ফলে প্রতিষ্ঠানগুলোর এমন একটি আধুনিক নিরাপত্তা কাঠামো প্রয়োজন, যা পরিবর্তিত হুমকির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারে। তার ভাষায়, ‘সফোস ফিউশন’ মানুষ ও এআইয়ের সমন্বিত সক্ষমতাকে কাজে লাগিয়ে আরও কার্যকর সাইবার সুরক্ষা নিশ্চিত করবে।
সফোস ফিউশন প্ল্যাটফর্মে এন্ডপয়েন্ট প্রোটেকশন, এন্ডপয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স (ইডিআর), এক্সটেন্ডেড ডিটেকশন অ্যান্ড রেসপন্স (এক্সডিআর), নেক্সট-জেন এসআইইএম, আইডেন্টিটি থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স (আইটিডিআর), ম্যানেজড ডিটেকশন অ্যান্ড রেসপন্স (এমডিআর), নেটওয়ার্ক নিরাপত্তা, ইমেইল সুরক্ষা, ক্লাউড নিরাপত্তা এবং পরামর্শমূলক সেবা একত্রে যুক্ত করা হয়েছে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, সফোসের নিজস্ব নিরাপত্তা সমাধানের পাশাপাশি ৫০০টিরও বেশি তৃতীয় পক্ষের নিরাপত্তা টুলের সঙ্গে এই প্ল্যাটফর্ম সমন্বিতভাবে কাজ করতে পারে। ফলে বিভিন্ন এন্ডপয়েন্ট, ফায়ারওয়াল ও আইডেন্টিটি ম্যানেজমেন্ট টুল একই নিরাপত্তা ব্যবস্থার আওতায় পরিচালনা করা সম্ভব হবে।
//ডিবিটেক/এমসিএ/এনএএম//





