বাকৃবিতে আধুনিক উদ্ভিদ পুষ্টি গবেষণাগারের উদ্বোধন
- জাইকার সহায়তায় বাকৃবিতে নতুন উদ্ভিদ পুষ্টি গবেষণাগার উদ্বোধন
- ‘সানরাইস’ প্রকল্পে কৃষি গবেষণার আধুনিক অবকাঠামো সম্প্রসারণ
- মৃত্তিকা বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর কৃষি উন্নয়নে নতুন সুযোগ
কৃষি গবেষণায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উদ্ভিদের পুষ্টি ও মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে উচ্চতর গবেষণা জোরদারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর অর্থায়নে ‘সানরাইস’ প্রকল্পের অধীনে নবনির্মিত উদ্ভিদ পুষ্টি গবেষণাগার উদ্বোধন করা হয়েছে।
২৩ জুলাই, বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে গবেষণাগারটির উদ্বোধন করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনের পর জাইকা-বাকৃবি ‘সানরাইস’ প্রকল্পের যৌথ সমন্বয় কমিটির (জেসিসি) সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।
প্রকল্পটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বাকৃবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, জাইকার প্রতিনিধি এবং প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
সংশ্লিষ্টরা জানান, নতুন গবেষণাগার চালুর ফলে উদ্ভিদের পুষ্টি, মৃত্তিকা বিজ্ঞান এবং কৃষি প্রযুক্তি বিষয়ে উন্নত গবেষণার সুযোগ বাড়বে। একই সঙ্গে কৃষি শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তিনির্ভর টেকসই কৃষি উন্নয়নে এ গবেষণাগার গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
//ডিবিটেক/এইএইচবি/এসএমই//





