শাবিপ্রবিতে র‍্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বহাল থাকবে: উপাচার্য

নবীন শিক্ষার্থীদের আগমন উপলক্ষে শাবিপ্রবিতে র‍্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম। তিনি বলেছেন, র‍্যাগিংয়ের বিষয়ে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি বহাল থাকবে এবং কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

শাবিপ্রবিতে র‍্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বহাল থাকবে: উপাচার্য
৮ জুন, ২০২৬ ২২:৩৮  

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র‍্যাগিংয়ের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বহাল থাকবে বলে ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম।

৮ জুন, সোমবার সন্ধ্যায় এক বার্তায় তিনি এ ঘোষণা দেন। আগামী ১৬ জুন থেকে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে আগমনকে সামনে রেখে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও নির্ভয় পরিবেশ নিশ্চিত করার বিষয়ে প্রশাসনের অবস্থান তুলে ধরেন তিনি।

উপাচার্য বলেন, নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস, আবাসিক হল এবং মেসগুলোতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা সতর্ক থাকবে। কোনো শিক্ষার্থী যেন র‍্যাগিং কিংবা অন্য কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “ক্যাম্পাস, আবাসিক হল কিংবা মেসে কেউ যদি র‍্যাগিং বা কোনো ধরনের হেনস্তার শিকার হয়, তাহলে তারা যেন তাৎক্ষণিকভাবে ছাত্র উপদেষ্টা, প্রক্টরিয়াল বডি অথবা নিজ নিজ বিভাগের শিক্ষকদের বিষয়টি অবহিত করে।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে র‍্যাগিংয়ের মতো অপসংস্কৃতির বিরুদ্ধে প্রশাসন কোনো ধরনের আপস করবে না। র‍্যাগিং নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না।”

অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সহায়ক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে কার্যকর থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ঘোষণাকে নবীন শিক্ষার্থীদের নিরাপত্তা ও ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

//ডিবিটেক/ডিসিও/ইকে//