বাজারে এলো ৯.৭ ইঞ্চির ‘রেডমি প্যাড ২’

বাজারে  এলো ৯.৭ ইঞ্চির ‘রেডমি প্যাড ২’
৯ জুন, ২০২৬ ০০:০০  
৯ জুন, ২০২৬ ১০:৪৫  

দেশের বাজারে নতুন ট্যাবলেট 'রেডমি প্যাড ২' (REDMI Pad 2) নিয়ে এসেছে গ্লোবাল টেক জায়ান্ট শাওমি। শিক্ষার্থী, তরুণ পেশাজীবী, অনলাইন শিক্ষার্থী, ক্যাজুয়াল গেমার এবং কন্টেন্ট স্ট্রিমারদের দৈনন্দিন উৎপাদনশীলতা ও বিনোদনের চমৎকার অভিজ্ঞতা দিতে প্রিমিয়াম ফিচার ও সাশ্রয়ী মূল্যে এটি বাজারে ছাড়া হয়েছে।৮ জুন, সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিভাইসটি বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে আনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সহজে বহনযোগ্য এই ট্যাবলেটে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৯.৭ ইঞ্চির ২কে ক্রিস্টাল-ক্লিয়ার ডিসপ্লে। আউটডোরে স্পষ্ট দেখার জন্য এতে দেওয়া হয়েছে ৬০০ নিটস ব্রাইটনেস এবং দীর্ঘ সময় চোখের সুরক্ষায় রয়েছে টিইউভি রাইনল্যান্ড (TÜV Rheinland) সার্টিফাইড আই কমফোর্ট প্রযুক্তি। ডিভাইসটির মসৃণ মাল্টিটাস্কিং ও সিমলেস সফটওয়্যার পারফরম্যান্স নিশ্চিত করতে এতে স্ন্যাপড্রাগন ৬এস ৪জি জেন ২ (Snapdragon 6s 4G Gen 2) প্রসেসর এবং শাওমি হাইপারওএস ৩ (Xiaomi HyperOS 3) ব্যবহার করা হয়েছে। এর ইন্টারকানেক্টিভিটি ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা অন্যান্য শাওমি ডিভাইসের সাথে যুক্ত হয়ে চমৎকার ইকোসিস্টেমের সুবিধা উপভোগ করতে পারবেন।

সারাদিন নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য রেডমি প্যাড ২-এ রয়েছে শক্তিশালী ৭৬০০ এমএএইচ (mAh) ব্যাটারি। মেটালিক ফিনিশ ও আধুনিক নান্দনিক ডিজাইনের এই ট্যাবটির পুরুত্ব মাত্র ৭.৪৪ মিলিমিটার, যা অত্যন্ত হালকা ও পোর্টেবল। নতুন এই ট্যাবলেটের উন্মোচন প্রসঙ্গে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, "শাওমিতে আমরা প্রতিনিয়ত উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসার চেষ্টা করি যা ব্যবহারকারীদের দৈনন্দিন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে। রেডমি প্যাড ২ ডিভাইসটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা কাজ এবং বিনোদন—উভয় ক্ষেত্রেই নির্ভরযোগ্য পারফরম্যান্স দেবে। এর নিমগ্ন ডিসপ্লে এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ এটিকে শেখা, কাজ করা ও বিনোদনের জন্য একটি আদর্শ সঙ্গী করে তুলবে।"

গ্রাফাইট গ্রে এবং সিলভার—এই দুটি আকর্ষণীয় রঙে ডিভাইসটি দেশের বাজারে পাওয়া যাচ্ছে। কানেক্টিভিটির সুবিধার ওপর ভিত্তি করে এটি ওয়াইফাই (WiFi) এবং ওয়াইফাই + সেলুলার (WiFi + Cellular) উভয় সংস্করণেই মিলছে। এর মধ্যে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের ‘রেডমি প্যাড ২ ৯.৭” ৪জি’ (4G) সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ২৪,৯৯৯ টাকা এবং একই স্টোরেজের শুধু ‘রেডমি প্যাড ২ ৯.৭”’ (WiFi) সংস্করণের দাম ২১,৯৯৯ টাকা। ৮ জুন থেকে দেশব্যাপী শাওমির সকল অনুমোদিত স্টোরে ট্যাবলেটটি পাওয়া যাচ্ছে।

//ডিবিটেক/ এমএম/ ইকে//