বায়োস্কোপ প্লাসে ফিফা বিশ্বকাপ ২০২৬, যেকোনো নেটওয়ার্কে লাইভ স্ট্রিমিং
দেশের ফুটবলপ্রেমীদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে ঘরে বসে খেলা দেখার দারুণ সুযোগ নিয়ে এসেছে গ্রামীণফোনের অ্যাপভিত্তিক টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেশন প্ল্যাটফর্ম ‘বায়োস্কোপ+’। গতকাল ৭ জুন (রবিবার) গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচগুলো বাংলাদেশের দর্শকরা যেকোনো মোবাইল অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করেই এই প্ল্যাটফর্মে সরাসরি উপভোগ করতে পারবেন। আগামী ১১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত বিশ্ব ফুটবলের এই মেগা টুর্নামেন্টটি চলবে।
স্মার্টফোন ও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে কোটি ভক্তের কাছে নিরবচ্ছিন্ন, উচ্চমানের এবং অন-দ্য-গো স্ট্রিমিং অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বকাপ চলাকালীন দর্শকরা বায়োস্কোপ+ ছাড়াও গ্রামীণফোনের অফিশিয়াল ‘মাইজিপি’ (MyGP) এবং ‘স্কিটো’ (Skitto) অ্যাপের মাধ্যমে প্রতিটি ম্যাচের লাইভ অ্যাকশন, হাইলাইটস ও গোল উদযাপনের মুহূর্তগুলো সরাসরি উপভোগ করার সুযোগ পাবেন। ডিজিটাল লাইফস্টাইলকে আরও সাশ্রয়ী করতে গ্রামীণফোন ও স্কিটো ব্যবহারকারীদের জন্য বিশেষ ডেটা ও স্ট্রিমিং প্যাকের ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে সীমিত সময়ের অফারে মাত্র ৯৭ টাকায় ফিফা বিশ্বকাপ উপভোগ করা যাবে।
গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম এই ডিজিটাল সম্প্রচারের বিষয়ে বলেন, “ফুটবল আমাদের গ্রাহকদের কাছে শুধু একটি খেলা নয়, এটি একটি আবেগের নাম যা সমাজ ও পরিবারের মধ্যে বন্ধন তৈরি করে। একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের এই ডিজিটাল অভিজ্ঞতাকে আরও সহজ ও আনন্দদায়ক করতে গ্রামীণফোন কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য একটাই—দর্শকেরা যেন কোনো ধরনের বাফারিং বা ঝামেলা ছাড়াই প্রতিটি ম্যাচ দারুণভাবে উপভোগ করতে পারেন, আর তাই বায়োস্কোপ+, মাইজিপি ও স্কিটোর মাধ্যমে আমরা বিশ্বকাপের পুরো আমেজকে হাতের মুঠোয় পৌঁছে দিচ্ছি।”
//ডিবিটেক/এসআই/ এমইউ//





