এনভিডিয়াকে টেক্কা দিতে নতুন নেটওয়ার্কিং চিপ আনছে ব্রডকম
এনভিডিয়ার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বাজারে প্রতিযোগিতা আরও তীব্র করতে নতুন নেটওয়ার্কিং চিপ উন্মোচন করেছে ব্রডকম। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠানটি “থর আল্ট্রা” নামে এ চিপ প্রকাশ করে, যা বৃহৎ আকারের এআই কম্পিউটিং সিস্টেম তৈরিতে ব্যবহৃত হবে। খবর রয়টার্স।
ব্রডকম জানিয়েছে, নতুন থর আল্ট্রা চিপের মাধ্যমে ডেটা সেন্টারগুলোতে একসঙ্গে শত-সহস্র কম্পিউটিং চিপ সংযুক্ত করা যাবে, যা চ্যাটজিপিটির মতো জটিল এআই মডেল পরিচালনায় সহায়তা করবে।
এ চিপটি সরাসরি এনভিডিয়ার নেটওয়ার্কিং ইন্টারফেস চিপের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং এআই ডেটা সেন্টারে ব্রডকমের অবস্থান আরও শক্তিশালী করবে।
এর আগে সোমবার ব্রডকম ঘোষণা করে যে তারা ওপেনএআই’র জন্য ২০২৬ সালের দ্বিতীয়ার্ধ থেকে ১০ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন কাস্টম চিপ সরবরাহ করবে—যা এনভিডিয়ার এআই এক্সিলারেটর আধিপত্যের প্রতি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
ব্রডকমের প্রধান নির্বাহী হক ট্যান জানিয়েছেন, ২০২৭ সালের মধ্যে এআই চিপ বাজারে তাদের সম্ভাব্য অংশ ৬০ থেকে ৯০ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।
ডিবিটেক/বিএমটি







