ডিজিটাল দক্ষতা উন্নয়নে সেভ দ্য চিলড্রেনের সঙ্গে রবি
সারাদেশে কিশোর ও তরুণদের ডিজিটাল স্কিল, উদ্যোক্তা ও ফ্রিল্যান্সিং শেখাবে পুঁজিবাজারে তালিকাভূক্ত মোবাইল অপারেটর রবি। এ লক্ষ্যে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে অপারেটরটি।
রাজধানীতে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের ভারপ্রাপ্ত ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এএসএম রহমত উল্লাহ এবং রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম সমঝোতা স্মারকে সই করেন।
৭ সেপ্টেম্বর, মঙ্গলবার রবি'র পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, এই অংশীদারিত্বের আওতায় অংশগ্রহণকারীরা ইন্টারনেট সংযোগসহ ডিজিটাল কানেক্টিভিটির সহায়তাও পাবেন। এছাড়াও ডিজিটাল দক্ষতা বৃদ্ধি বিষয়ক বিদ্যালয়ভিত্তিক বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করবে রবি ও সেভ দ্য চিলড্রেন। যুব ও কিশোর-কিশোরী-কেন্দ্রিক কমিউনিটি হাবগুলোর সক্ষমতা বাড়ানো, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে উদ্ভাবনী ও সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমও হাতে নেওয়া হবে।
অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের ভারপ্রাপ্ত ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এএসএম রহমত উল্লাহ বলেন,"দেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনাকে কাজে লাগাতে ডিজিটাল শিক্ষা ও অন্তর্ভুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক তরুণ এখনও প্রযুক্তির সুবিধা থেকে বঞ্চিত। এই উদ্যোগের মাধ্যমে আমরা তাদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা পৌঁছে দিতে পারব, যা তাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে সহায়তা করবে।"
রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, "প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আমরা বদ্ধপরিকর। তরুণদের ডিজিটাল দক্ষতা তৈরি এবং তাদের কর্মসংস্থানমুখী করে গড়ে তোলা আমাদের অগ্রাধিকার। সেভ দ্য চিলড্রেনের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল অন্তর্ভুক্তির সুযোগ আরও বিস্তৃত হবে এবং কিশোর ও তরুণরা নিজেদের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যাবে।"







