ওপেনএআইকে এআই চিপ সরবরাহ করবে এএমডি

ওপেনএআইকে এআই চিপ সরবরাহ করবে এএমডি
৭ অক্টোবর, ২০২৫ ১৪:০৬  

বিশ্ববিখ্যাত চিপ নির্মাতা এএমডি ঘোষণা করেছে যে, তারা বহু বছরের একটি চুক্তির মাধ্যমে ওপেনএআইকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ সরবরাহ করবে। এই চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি শত শত বিলিয়ন ডলারের আয় আশা করছে। একই সঙ্গে ওপেনএআইকে মাত্র ১ সেন্ট মূল্যে এএমডির প্রায় ১০ শতাংশ শেয়ার কেনার সুযোগ দেওয়া হয়েছে। খবর রয়টার্স।

সোমবার এ ঘোষণার পর এএমডির শেয়ারের দাম ৩৪ শতাংশেরও বেশি বৃদ্ধি পায়, যা গত নয় বছরে একদিনে তাদের সবচেয়ে বড় উত্থান। এতে কোম্পানির বাজারমূল্য প্রায় ৮০ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।

চুক্তিটি এএমডি এবং ওপেনএআই উভয়ের জন্যই যুগান্তকারী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পে কম্পিউটিং শক্তির বিশাল চাহিদা এবং পরবর্তী প্রজন্মের উন্নত এআই প্রযুক্তি তৈরির প্রতিযোগিতাকে আরও ত্বরান্বিত করবে।

এএমডির নির্বাহী সহ-সভাপতি ফরেস্ট নররড রয়টার্সকে বলেন, “এই চুক্তি শুধু এএমডির জন্য নয়, পুরো শিল্পের জন্যই রূপান্তরমূলক হতে যাচ্ছে।”

ডিবিটেক/বিএমটি