জুলাইয়ে কমেছে ক্রেডিট কার্ডে লেনদেন
গত জুলাই মাসে জুনের তুলনায় দেশে-বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে লেনদেনের সব সূচকই কমেছে। দেশের ভেতর, বিদেশে এবং বিদেশিরা বাংলাদেশে—সব ক্ষেত্রেই এই নিম্নগতি লক্ষ্য করা গেছে। এক মাসে ক্রেডিট কার্ডে খরচ কমেছে ৭০ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুনে বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ৫৪৯ কোটি টাকা খরচ করলেও জুলাইয়ে সেই খরচ নেমে আসে ৪৭৯ কোটিতে। জুলাইয়ে বিদেশে সবচেয়ে বেশি ৭৯ কোটি টাকা খরচ হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপর রয়েছে যুক্তরাজ্য (৫৭ কোটি), থাইল্যান্ড (৫২ কোটি), সিঙ্গাপুর (৪০ কোটি), মালয়েশিয়া (৩৮ কোটি) ও ভারত (২৮ কোটি টাকা)।
একইভাবে, বিদেশিরা বাংলাদেশে এসেও আগের তুলনায় কম খরচ করেছেন। জুনে তাদের খরচ ছিল ১৯৫ কোটি টাকা, আর জুলাইয়ে কমে দাঁড়ায় ১৮৮ কোটিতে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকরা সবচেয়ে বেশি ৪৪ কোটি টাকা খরচ করেছেন বাংলাদেশে এসে।
অন্যদিকে দেশের ভেতরেও ক্রেডিট কার্ড লেনদেন কমেছে। জুনে খরচ হয়েছিল ৩ হাজার ১১৪ কোটি টাকা, আর জুলাইয়ে তা কমে দাঁড়ায় ৩ হাজার ৮৩ কোটিতে। অর্থাৎ এক মাসে দেশের অভ্যন্তরীণ লেনদেন কমেছে ৩১ কোটি টাকা।





