আসছে নাথিং ইয়ার (৩) ইয়ারবাডস

আসছে নাথিং ইয়ার (৩) ইয়ারবাডস
৭ সেপ্টেম্বর, ২০২৫ ২০:১৮  

নাথিংয়ের জনপ্রিয় ট্রু ওয়্যারলেস স্টেরিও (টিডব্লিউএস) ইয়ারবাড সিরিজ আবারও নতুন মডেল পাচ্ছে। কোম্পানিটি ঘোষণা দিয়েছে যে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ ইয়ারবাডের নাম হবে নাথিং ইয়ার (৩)। খবর এনগ্যাজেট।

শুরু হয়েছিল ইয়ার (১) দিয়ে, এরপর আসে ইয়ার (২), আর শেষবারে নাম থেকে সংখ্যা বাদ দিয়ে শুধু ইয়ার রাখা হয়েছিল। তবে নামের এ পরিবর্তনে অনেক ক্রেতা বিভ্রান্ত হন। তাই এবার আবার সংখ্যায় ফিরে গেল প্রতিষ্ঠানটি। যদিও ইয়ার (৩) আসলে সিরিজের চতুর্থ প্রোডাক্ট, নামের মধ্যে সামান্য বিভ্রান্তি বজায় থাকছেই।

কোম্পানিটি জানিয়েছে, “শিগগিরই বাজারে আসছে ইয়ার (৩)”। নাথিংয়ের গ্লোবাল স্মার্ট প্রোডাক্টস মার্কেটিং প্রধান অ্যান্ড্রু ফ্রেশওয়াটার বলেছেন, এ ডিভাইস তাদের বিদ্যমান লাইনআপে নতুন মাত্রা যোগ করবে। ব্যবহারকারীরা আগের মডেলগুলোর মতোই আলাদা ডিজাইন, উন্নত অডিও পারফরম্যান্স এবং স্মার্ট ফিচার আশা করতে পারেন।

ডিবিটেক/বিএমটি