শাহজালালে বিমানের ১০টি নতুন টায়ার চুরি

শাহজালালে বিমানের ১০টি নতুন টায়ার চুরি
২০ আগষ্ট, ২০২৫ ১৬:৫৭  
২০ আগষ্ট, ২০২৫ ১৮:৫৫  

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ১০টি নতুন টায়ার চুরি হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিমান। এছাড়া জড়িতদের খুঁজে বের করতে তদন্ত করছে প্রতিষ্ঠানটি।

২০ আগস্ট, বুধবার  বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, ১৬ আগস্ট ওই টায়ার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ১৮ আগস্ট বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করেন সোমবার বিমানের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মোশারেফ হোসেন। 

ওই জিডিতে বলা হয়, ১৬ আগস্ট সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মালিকানাধীন ১০টি আনসার্ভিসেবল টায়ার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ম্যাটরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার মো. আরমান হোসেন ও স্টোর হেলপার শামসুল হককে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা জানান, তারা একজনের যোগসাজশে বিমানের ওই ১০টি টায়ার সরিয়ে ফেলেন তারা।

এ বিষয়ে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর জাানান, মূলত ল্যান্ডিং গিয়ারের সঙ্গে যুক্ত থাকে টায়ার। এমন ১০টি টায়ার খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বিমানের নিরাপত্তা বিভাগ। তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার গণমাধ্যমকে বলেছেন, "উড়োজাহাজের টায়ারের বিষয়ে বিমান বাংলাদেশ একটি সাধারণ ডায়েরি করেছে। তবে চুরির কোনো ঘটনা না, মূলত একজন আরেকজনকে চাকাগুলো ব্যবহার করতে দিয়েছে। একটা এয়ারলাইনসের সঙ্গে এক্সচেঞ্জ করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করব।"

সম্প্রতি বিমানের উড়োজাহাজগুলো কয়েকবার বিকল হয়। এসব ঘটনায় বিমানের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন ওঠার মধ্যেই চাকা চুরির অভিযোগ সামনে এলো। বিমানের নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানিয়েছেন, চাকাগুলো হ্যাঙ্গারের পাশে ‘অকশন শেডে’ রাখা ছিল। একেকটি চাকার দাম পাঁচ থেকে ১৫ হাজার ডলার। সেই হিসেবে প্রায় কোটি টাকার চাকা বেচে দিয়েছেন বিমানের কর্মীরাই।