ভারতে হঠাৎ বন্ধ রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

ভারতে হঠাৎ বন্ধ রয়টার্সের এক্স অ্যাকাউন্ট
৬ জুলাই, ২০২৫ ১৪:১৩  
৬ জুলাই, ২০২৫ ১৮:১৬  

ভারতে এখন আর দেখা যাচ্ছে না আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সের অফিশিয়াল এক্স হ্যান্ডেল। ভারত থেকে কেউ রয়টার্সের অ্যাকাউন্টটি দেখতে চাইলে সেখানে ‘আইনি নির্দেশে’ এই অ্যাকাউন্টটি ব্লক করা হয়েছে এমন বার্তা দেখা যাচ্ছে। তবে ঠিক কোন কারণে এই সিদ্ধান্ত, তা এখনও স্পষ্ট করে কিছু জানায়নি রয়টার্স কর্তৃপক্ষ। অন্যদিকে ভারত সরকার জানিয়েছে, তারা এই অ্যাকাউন্ট বন্ধের কোনও অনুরোধ করেনি।

৬ জুলাই (রবিবার ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ভারতে দেখা না যাওয়ার ঘটনায় ভারত সরকার জানিয়েছে, তারা এই অ্যাকাউন্ট বন্ধের কোনও অনুরোধ করেনি।

বর্তমানে ভারতের ব্যবহারকারীরা রয়টার্সের এক্স হ্যান্ডেলে ঢুকতে পারছেন না। সেখানে একটি বার্তা দেখা যাচ্ছে ‘আইনি অনুরোধে এই অ্যাকাউন্ট সীমিত করা হয়েছে’।

তবে ভারত সরকারের একজন মুখপাত্র বলেন, ‘রয়টার্সের অ্যাকাউন্ট বন্ধের কোনও অনুরোধ ভারত সরকারের পক্ষ থেকে করা হয়নি। আমরা এক্স-এর সঙ্গে যোগাযোগ রেখে সমস্যার সমাধানের চেষ্টা করছি।’

গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্ভবত পুরোনো কোনও অনুরোধের ভিত্তিতে এখন এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময় ভারত সরকার একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করার অনুরোধ করেছিল এবং রয়টার্সের নাম সেই তালিকায় ছিল বলে মনে করা হচ্ছে। তবে অন্য অনেকের অ্যাকাউন্ট ব্লক হলেও তখন তাদের অ্যাকাউন্ট ব্লক হয়নি।

বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, রয়টার্সের অ্যাকাউন্টটি শিগগিরই আবার সচল হয়ে যেতে পারে। 

রয়টার্স টেক নিউজ, রয়টার্স ফ্যাক্ট চেক, রয়টার্স এশিয়া ও রয়টার্স চায়না-এর মতো সংশ্লিষ্ট এক্স অ্যাকাউন্টগুলো ভারতে এখনও প্রবেশযোগ্য। তবে রয়টার্সের প্রধান এক্স অ্যাকাউন্ট এবং রয়টার্স ওয়ার্ল্ড অ্যাকাউন্ট ভারতে বন্ধ রয়েছে।

এক্স ব্যবহারকারীরা যখন রয়টার্সের মূল অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করছেন, তখন একটি বার্তা দেখাচ্ছে। সেখানে লেখা উঠছে- ‘অ্যাকাউন্ট স্থগিত। @রয়টার্সকে ভারতে একটি আইনি দাবির প্রেক্ষিতে স্থগিত করা হয়েছে।’

এক্সের সহায়তা কেন্দ্রে ব্যাখ্যা করা হয়েছে, কোনও দেশভিত্তিক কনটেন্ট আটকে দেওয়ার বার্তা মানে হচ্ছে— বৈধ আইনি দাবির প্রেক্ষিতে, যেমন: আদালতের আদেশ বা স্থানীয় আইন অনুযায়ী, পুরো অ্যাকাউন্ট বা নির্দিষ্ট পোস্ট স্থগিত করতে তারা বাধ্য হয়েছে।

০৬-জুলাই/ডিজিবিটেক/জিডি