নাটোরে মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি
নাটোর: নাটোরের লালপুরে হযরত বাগুদেওয়ান (রহ.)-এর মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে দানের টাকা চুরির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা প্রায় তিন ফুট লম্বা একটি স্টিলের বাক্সও নিয়ে যায়। তবে চুরি হওয়া টাকার সঠিক পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ভেল্লাবাড়ীয়া হযরত বাগুদেওয়ান (রহ.) মাজার ও মসজিদে এই চুরির ঘটনা […] The post নাটোরে মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নাটোর: নাটোরের লালপুরে হযরত বাগুদেওয়ান (রহ.)-এর মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে দানের টাকা চুরির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা প্রায় তিন ফুট লম্বা একটি স্টিলের বাক্সও নিয়ে যায়। তবে চুরি হওয়া টাকার সঠিক পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ভেল্লাবাড়ীয়া হযরত বাগুদেওয়ান (রহ.) মাজার ও মসজিদে এই চুরির ঘটনা ঘটে।
মাজার পরিচালনা কমিটি ও মসজিদের সিসিটিভির ফুটেজ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা মাজার ও মসজিদে প্রবেশ করে সিন্দুক ও দানবাক্স ভেঙে ভেতরে থাকা টাকা চুরি করে নিয়ে যায়। একই সঙ্গে সেখানে থাকা প্রায় তিন ফুট লম্বা একটি পুরোনো স্টিলের বাক্সও নিয়ে যায় তারা। ওই বাক্সে প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষিত ছিল বলে জানা গেছে।
মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, মাজারের সিন্দুকে প্রায় তিন বছর ধরে দানের টাকা জমা ছিল। এর আগে সাধারণত তিন থেকে চার মাস পরপর সিন্দুক খোলা হলে প্রতিবার ৫০ থেকে ৬০ হাজার টাকা পাওয়া যেত।
তিনি আরও বলেন, আগে কয়েক মাস পরপর সিন্দুক খুলে উল্লেখযোগ্য পরিমাণ টাকা পাওয়া যেত। কিন্তু এবার ঠিক কত টাকা চুরি হয়েছে তা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে মাজার পরিচালনা কমিটির সভাপতি ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলাম বলেন, মাজারে চুরির ঘটনাটি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি হওয়া মাজারের সিন্দুকটি পুরোনো ছিল। এ ছাড়া একটি পুরোনো বাক্সে প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষিত ছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, চুরির খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাজারে চুরির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
The post নাটোরে মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





