সতর্ক করল ক্যাসপারস্কি

চাকরির ভুয়া ইমেইলে তথ্য চুরির নতুন ফাঁদ

চাকরির ভুয়া ইমেইলে তথ্য চুরির নতুন ফাঁদ
৭ জুন, ২০২৬ ২৩:২২  
৮ জুন, ২০২৬ ০৮:৫১  

গুগলের ‘অ্যাপশিট’ (AppSheet) প্ল্যাটফর্মের বৈধ সুবিধা ব্যবহার করে বিশ্বখ্যাত বিভিন্ন কোম্পানির নামে চাকরির ভুয়া প্রস্তাব দিয়ে বিশ্বজুড়ে বড় ধরনের ফিশিং ও সাইবার আক্রমণের ঘটনা শনাক্ত করেছে বিশ্বখ্যাত সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। ৭ জুন, রবিবার এক গবেষণা প্রতিবেদনের বরাতে প্রতিষ্ঠানটি জানায়, সাইবার অপরাধীরা গুগল, মেটা, অ্যাপল, কোকা-কোলা ও ভলভোর মতো বহুজাতিক প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে ভুয়া নিয়োগ-সংক্রান্ত ইমেইল পাঠাচ্ছে। এই সুনিপুণ প্রতারণার মূল উদ্দেশ্য হলো সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও গুগল অ্যাকাউন্টের লগইন ক্রেডেনশিয়াল (ইউজারনেম ও পাসওয়ার্ড) চুরি করা।

ক্যাসপারস্কির সাইবার নিরাপত্তা গবেষকেরা এই আক্রমণের কৌশল বিশ্লেষণ করে জানিয়েছেন, হ্যাকাররা গুগলের নিজস্ব অবকাঠামো ব্যবহার করে ‘[email protected]’ ঠিকানা থেকে এই ফিশিং ইমেইলগুলো পাঠাচ্ছে। গুগলের নিজস্ব ডোমেইন হওয়ায় এই ইমেইলগুলো অত্যন্ত বিশ্বাসযোগ্য মনে হয় এবং ইমেইলের প্রচলিত কড়া নিরাপত্তা ফিল্টার যেমন— এসপিএফ (SPF), ডিকিম (DKIM) এবং ডিমার্ক (DMARC) সহজেই ফাঁকি দিতে পারছে। ইমেইলগুলোর ভেতরে থাকা লিংকের মাধ্যমে ব্যবহারকারীদের নিখুঁতভাবে তৈরি করা ভুয়া বা ক্লোন ওয়েবসাইটে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে তাদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য দিতে বাধ্য করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে অ্যাপশিটের স্বয়ংক্রিয় বার্তা পাঠানোর সুবিধা ব্যবহার করে মোবাইলের এসএমএস-এর মাধ্যমেও এই ফিশিং লিংক ছড়ানো হচ্ছে।

গবেষণায় দেখা গেছে, অপরাধীদের এই ফাঁদ তৈরি করতে শুধু গুগলের একটি পেইড বা অর্থপ্রদত্ত অ্যাপশিট সাবস্ক্রিপশনের প্রয়োজন হচ্ছে, যা ব্যবহার করে তারা খুব সহজেই ব্যবহারকারীদের আস্থা অর্জন করছে। ক্যাসপারস্কির সিনিয়র স্প্যাম বিশ্লেষক আনা লাজারিচেভা এই প্রযুক্তিগত অপব্যবহারের বিষয়ে সতর্ক করে বলেন, “জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সেবাগুলোও এখন সাইবার অপরাধীদের হাতিয়ার হয়ে উঠছে। এর আগে আমরা গুগল ফর্মস এবং গুগল টাস্কস ব্যবহার করে ফিশিং প্রচারণা দেখেছি, আর এখন একই কাজে অ্যাপশিটকে ব্যবহার করা হচ্ছে। তাই কোনো মেইল বিশ্বস্ত ডোমেইন থেকে এলেও চোখ বন্ধ করে তা বিশ্বাস করা যাবে না।”

এই সাইবার ঝুঁকি থেকে সুরক্ষিত থাকতে সাধারণ ব্যবহারকারীদের জন্য বিশেষ পরামর্শ দিয়েছে ক্যাসপারস্কি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যেকোনো ধরনের চাকরি সংক্রান্ত অপ্রত্যাশিত ইমেইল বা অফার লেটার পেলে সবার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়েবসাইট বা ভেরিফাইড যোগাযোগের মাধ্যমে তা যাচাই করে নিতে হবে। এছাড়া অপরিচিত কোনো লিংকে ক্লিক না করা, শক্তিশালী দ্বি-স্তর বিশিষ্ট যাচাইকরণ (2FA) চালু রাখা এবং নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস বা সিকিউরিটি সফটওয়্যার ব্যবহারের তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি করপোরেট প্রতিষ্ঠানগুলোকে তাদের কর্মীদের নিয়মিত ফিশিং-সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ দিতে ‘ক্যাসপারস্কি মেইল গেটওয়ে’র মতো উন্নত প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

//ডিবিটেক/ এসএস/ এমআই//