ক্রমবর্ধমান ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনা চাইলেন তথ্যমন্ত্রী

ক্রমবর্ধমান ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনা চাইলেন তথ্যমন্ত্রী
৬ জুন, ২০২৬ ১৩:৪৪  

ভুয়া খবর, মিস-ইনফরমেশন, ডিস-ইনফরমেশন এবং ক্রমবর্ধমান ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় এখন শুধু সমস্যা চিহ্নিত করাই যথেষ্ট নয়; প্রয়োজন বাস্তবসম্মত সমাধান ও কার্যকর জাতীয় কর্মপরিকল্পনা। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম আয়োজিত ‘বাংলাদেশে ভুয়া খবর মোকাবিলায় নীতি, প্রযুক্তি ও জবাবদিহিতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সময়োপযোগী ও বাস্তবভিত্তিক একটি জাতীয় ই-সেফটি প্ল্যানের খসড়া সরকারের কাছে উপস্থাপন করা প্রয়োজন। তিনি বলেন, ভুয়া খবর ও অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় সাধারণ মানুষের আগে নীতিনির্ধারকদের বিষয়ভিত্তিক জ্ঞান ও সক্ষমতা বাড়াতে হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, সঠিক নীতিনির্ধারণ, শক্তিশালী নীতিগত কাঠামো এবং প্রযুক্তিনির্ভর বাস্তবায়ন ব্যবস্থা গড়ে তুলতে পারলে এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা অনেক সহজ হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিস্তার সভ্যতা, অর্থনীতি ও কর্মসংস্থানের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে উল্লেখ করে তিনি এর ইতিবাচক ব্যবহারের পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বর্তমান বিশ্বে শুধু সীমান্ত নিরাপত্তাই নয়, ডিজিটাল অবকাঠামো ও ডেটা নিরাপত্তাও কৌশলগত গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। তাই ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সাইবার সুরক্ষা কাঠামোও শক্তিশালী করতে হবে।

সরকার নীতিনির্ধারণ প্রক্রিয়ায় বিশেষজ্ঞদের সম্পৃক্ততা বাড়াচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, জ্ঞানভিত্তিক ও মেধানির্ভর সিদ্ধান্ত ছাড়া বর্তমান বিশ্বের জটিল চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়।

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সদস্য ও প্রযুক্তি বিশেষজ্ঞদের উদ্দেশে তিনি বলেন, “সমস্যা নিয়ে আলোচনা অনেক হয়েছে। এখন সময় সমাধানের। আমি একটি সুস্পষ্ট, বাস্তবসম্মত এবং সময়োপযোগী জাতীয় কর্মপরিকল্পনার জন্য অপেক্ষা করছি।”

তিনি আশা প্রকাশ করেন, বিশেষজ্ঞদের প্রস্তাবিত কর্মপরিকল্পনা নিরাপদ, প্রযুক্তিসক্ষম এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গোলটেবিল বৈঠকে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন, বিএনপির তথ্য, যোগাযোগ ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামানসহ তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা, গণমাধ্যম ও নীতিনির্ধারণ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন।

//ডিবিটেক/ এসমএম/ ইকে//