ফেসবুক নিরাপদে টিক্যাবের পাঁচ দাবি

ফেসবুক নিরাপদে টিক্যাবের পাঁচ দাবি
১১ এপ্রিল, ২০২৬ ০৬:৪৭  

ফেসবুককে নিরাপদ করার দাবিতে ১১ এপ্রিল, শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে উন্মুক্ত আলোচনা সভা করেছে টেলি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিক্যাব)।

সভায় বক্তারা বলেন, ফেসবুক এখন নাগরিকদের গোপনীয়তা, ব্যক্তিগত তথ্য ও মানসিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভুয়া প্রোফাইল, পরিচয় চুরি, সাইবার বুলিং, নারী ও সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য, রাজনৈতিক প্রোপাগান্ডা, প্রতারণামূলক লিংক এবং এআই দিয়ে তৈরি ডিপ ফেইক ভিডিও ক্রমেই বেড়ে চলেছে। ফেসবুক কর্তৃপক্ষের দুর্বল মনিটরিং ও আইন প্রয়োগকারী সংস্থার নজরদারির অভাবে ব্যবহারকারীরা সহজেই হয়রানির শিকার হচ্ছেন। সাম্প্রতিক সময়ে ফিশিং, ম্যালওয়্যার লিংক ও নকল অফারের মাধ্যমে অর্থ ও তথ্য হাতিয়ে নেওয়ার প্রবণতা উদ্বেগজনক আকার ধারণ করেছে।  

এ অবস্থায় টিক্যাব সরকারের কাছে পাঁচটি দাবি উত্থাপন করে। প্রথমত, গণমাধ্যমের লোগো ও ফটোকার্ড ব্যবহার করে ভুয়া প্রোপাগান্ডামূলক পেইজ ও আইডি বন্ধ করতে হবে এবং এর সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। দ্বিতীয়ত, দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেশি হওয়ায় অপরাধও বেশি হচ্ছে, অথচ ভিকটিমদের মাত্র ১৯ শতাংশ অভিযোগে ইতিবাচক ফল পান। তাই অভিযোগ দাখিলের ২৪ ঘণ্টার মধ্যে প্রাথমিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, সরকারকে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করে নজরদারি বাড়াতে হবে এবং ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিতে ফেসবুককে বাধ্য করতে হবে। চতুর্থত, শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে নিরাপদ ফেসবুক ব্যবহারের প্রশিক্ষণ ও গণমাধ্যমে প্রচারাভিযান চালাতে হবে। পঞ্চমত, সাইবার বুলিং, অশ্লীল কনটেন্ট, ই-কমার্স প্রতারণা দমনে জাতীয় হটলাইন ও বিশেষ টাস্কফোর্স গঠন করে জেলা ও থানা পর্যায়ে প্রশিক্ষিত টিমের মাধ্যমে দ্রুত অভিযোগ নিষ্পত্তি করতে হবে।  

সভায় সভাপতিত্ব করেন টিক্যাব সভাপতি মুর্শিদুল হক (বিদ্যুৎ)। আলোচনায় অংশ নেন টিক্যাবের উপদেষ্টা ও জাতীয় সাহিত্য অধিদপ্তর বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়ক ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর), বাস্তুহারা দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সিরাজী, সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাপ্পি সরদার, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের যোগাযোগ বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন বেপারী, বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মোঃ মুসা ফরাজী, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)’র মহাসচিব হারুন আল রশিদ খান, বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মনিরুজ্জামান মনির, ইসলামি ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আমিন, সিএলএনবি’র চেয়ারম্যান হারুন অর রশিদ, বাংলাদেশ সমতা পার্টির সভাপতি হানিফ বাংলাদেশী, বাংলাদেশ জনজোট পার্টি (বাজপা)’র চেয়ারম্যান মুজাম্মেল মিয়াজী, ভিশন বাংলাদেশের চেয়ারম্যান মোরসালিন ইসলাম বাবু, টিক্যাবের কেন্দ্রীয় নেতা হাফেজ জাহাঙ্গীর আলম, সোহেল মিয়া ও মো. ফারুক প্রমুখ।  

সভায় বক্তারা জোর দিয়ে বলেন, ফেসবুককে নিরাপদ করতে সরকারের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।

ডিবিটেক/এএ/ইকে