মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
১ মার্চ, ২০২৬ ১৬:২৮  

বাংলাদেশে কর্মী ও তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য সমন্বিত বীমা কভারেজ নিশ্চিত করতে ভিসা চুক্তি স্বাক্ষর করেছে মেটলাইফ বাংলাদেশ–এর সঙ্গে। এ উদ্যোগের আওতায় ভিসার কর্মীরা দুর্ঘটনা, অক্ষমতা ও মৃত্যুর ক্ষেত্রে আর্থিক সুরক্ষা পাবেন। পাশাপাশি কর্মীদের ওপর নির্ভরশীলরা ইন-পেশেন্ট, আউট-পেশেন্ট ও মাতৃত্বকালীন চিকিৎসা কভারেজ সুবিধা উপভোগ করবেন।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ।

প্রতিষ্ঠান দু’টির মতে, বীমা কভারেজ কর্মীদের মধ্যে নিরাপত্তাবোধ ও প্রতিষ্ঠানের প্রতি আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাম্প্রতিক ‘এমপ্লয়মেন্ট বেনিফিট ট্রেন্ডস স্টাডি (ইবিটিএস)’–এর জরিপে দেখা গেছে, ৫৬ শতাংশের বেশি কর্মী আর্থিক উদ্বেগকে উৎপাদনশীলতা হ্রাসের কারণ হিসেবে চিহ্নিত করেছেন। এছাড়া ৪১ শতাংশ কর্মী আর্থিক চাপকে মানসিক স্বাস্থ্যের সমস্যার সঙ্গে যুক্ত করেছেন এবং ৭৮ শতাংশ কর্মী জানিয়েছেন, বীমা ও মানসিক স্বাস্থ্য সহায়তার মতো সুস্থতা-সংক্রান্ত সুবিধা প্রতিষ্ঠানের প্রতি তাদের বিশ্বস্ততা বাড়ায়।

বীমা দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, কাস্টমাইজড বীমা সেবা, আধুনিক ড্যাশবোর্ড, ক্যাশলেস আউটপেশেন্ট ও অ্যাম্বুলেন্স সুবিধা এবং দ্রুত ও ঝামেলামুক্ত দাবি পরিশোধ প্রক্রিয়ার কারণে কর্মীদের জন্য বীমা সেবা প্রদানে মেটলাইফকে নির্বাচন করেছে ভিসা।

ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, ডিজিটাল পেমেন্ট খাতে নেতৃত্ব ধরে রাখতে কর্মীদের প্রস্তুত ও মনোযোগী থাকা জরুরি। সমন্বিত বীমা কভারেজ তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে এবং পেশাগত মনোযোগ ও উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে সহায়তা করে।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, কর্মীদের জন্য নিরাপদ ও যত্নশীল কর্মপরিবেশ গড়ে তুলতে প্রতিষ্ঠানগুলোর পাশে থাকা তাদের অঙ্গীকারের অংশ। ভিসার সঙ্গে এ অংশীদারিত্ব কর্মী কল্যাণে শক্তিশালী বীমা সমাধান প্রদানের যৌথ প্রচেষ্টার প্রতিফলন।

দুই শতাধিক দেশ ও অঞ্চলে নিরাপদ ডিজিটাল পেমেন্ট সেবা প্রদানকারী বৈশ্বিক নেটওয়ার্ক হিসেবে ভিসা ব্যক্তি ও ব্যবসাকে বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সংযুক্ত করে আসছে। অন্যদিকে, বাংলাদেশে প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহক ও নয় শ’র বেশি প্রতিষ্ঠানে বীমা সুরক্ষা দিচ্ছে মেটলাইফ বাংলাদেশ। প্রতিষ্ঠানটি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ‘আইডিআরএ ইনস্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’–এ সেরা স্বীকৃতি অর্জন করেছে; ব্যবসায়িক নেতৃত্ব, সেবার মান, সুশাসন, দাবি নিষ্পত্তি ও রেগুলেটরি কমপ্লায়েন্সের ভিত্তিতে এ পুরস্কার প্রদান করা হয়।

ডিবিটেক/এসআর/এমইউএম