আব্বু আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ: জাইমা রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাকে ২০ ফেব্রুয়ারি, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শৈশবের ছবি যুক্ত করে আবেগঘন পোস্ট করেছেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
ওই পোস্টে জাইমা লেখেন, তার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ তারেক রহমান। বাবার আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও দূরদর্শিতা তাকে অনুপ্রাণিত করে।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করা সেই পোস্টে তিনি তার বাবাকে নিজের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ হিসেবেও উল্লেখ করেন।
জাইমা রহমান লিখেছেন, ‘ছোটবেলায় আমাদের সবার মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তারাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ। আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব্যক্তি, যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।’
ফেসবুকে ব্যারিস্টার জাইমা আরও লেখেন, ‘বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তার গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তার এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তার মধ্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।’
ঘণ্টা পার না হতেই পোস্টটি হাজার শেয়ার, কমেন্ট এবং পছন্দ, ভালোবাসা ও কেয়ারের ইমোজিতে ভরে যায়। তবে মন্তব্যের ঘরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
ডিবিটেক/এফবিপি/এমইউএম







