দেশী কনভেতে বিটিআরসি'র গণশুনানি
জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার অংশ হিসেবে ষষ্ঠবারের মতো ২৫ নভেম্বর, মঙ্গলবার সকাল ১০টায় বসছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) গণশুনানি। দেড় বছর পর ফের টেলিকম সেবা নিয়ে দুর্ভোগ তুলে ধরে অভিযোগ করার পাশাপাশি প্রত্যাশার কথা তুলে ধরার সুযোগ পাচ্ছেন টেলিসেবা গ্রহিতারা।
দ্বিতীয়বারে মতো ভার্চুয়ালি শুনানিতে যোগ দেয়ার এই সুযোগ পাচ্ছেন তারা। বিদেশী নয় দেশী প্রতিষ্ঠান সিনেসিস আইটি'র তৈরি এআই ভিত্তিক ভার্চুয়াল মিটিং প্লাটফর্ম কনভে-তে বসছে এবারের শুনানি। এরইমধ্যে শুনানিতে অংশ নিতে সবার জন্য উন্মুক্ত একটি লিংক শেয়ার করেছে বিটিআরসি।
মিটিং শুরুর আধাঘণ্টা আগে বিটিআরসি থেকে সরবরাহ করা মিটিং লিংক https://convay.comana/750786779211575 এই লিংকে ক্লিক করে দেখা যায়- শুুধু নাম লিখে সহজেই যে কেউ যোগ দিতে পারবেন এই শুনানিতে। অবশ্য পিসি থেকে কনভে ওয়েব ব্রাউজারে গিয়ে মিটিং আইডি 7507867792115757 দিয়ে বৈঠকে যোগ দেয়া গেলেও মোবাইল থেকে যোগ দিতে হলে কনভে অ্যাপ সাইনই করতে হবে।
বিটিআরিস সূত্রে প্রকাশ, গণশুনানিতে গ্রাহকরা সরাসরি প্রশ্ন করতে পারবেন। চেয়ারম্যান এমদাদ উল বারীর সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারা তখন ওই সমস্যার সমাধান দেবেন। এছাড়া তাদের নতুন কী উদ্যোগ রয়েছে, সেটিও তারা গ্রাহকদের বলবেন। গ্রাহকদের অভিযোগগুলো সংশ্লিষ্ট কর্মকর্তারা নথিভুক্ত করবেন। পাশাপাশি অভিযোগগুলো প্রতিবেদন আকারে গণমাধ্যমকে জানানো হবে। গ্রাহকদের অভিযোগ সমাধানের জন্য আলাদা মনিটরিং টিম গঠন করবে বিটিআরসি।
প্রসঙ্গত, বাংলাদেশ টেলিযগোযোগ এ পর্যন্ত পাঁচটি গণশুনানি আয়োজন করেছে। ২০১৬ সালের ২২ নভেম্বর বিটিআরসি ভবনে প্রথম গণশুনানির আয়োজন করা হয়। সেখানে আলোচ্য বিষয় ছিল নিম্নমানের ভয়েস কল ও বায়োমেট্রিক সমস্যা। এরপর ২০১৯, ২০২১, ২০২২ এবং ২০২৪ সালে চারবার গণশুনানি হয়। এতে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ফোন ব্যবহারকারী, ভোক্তা অধিকার সংস্থা, পেশাজীবী, আইন প্রয়োগকারী সংস্থা, মোবাইল ফোন গ্রাহক অ্যাসোসিয়েশন, বিটিআরসির লাইসেন্সধারী বিভিন্ন প্রতিষ্ঠান ও তাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সাধারণ ভোক্তারা অংশ নেন।
ডিবিটেক/ইক



